গলাচিপার সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আদালত গত বৃহস্পতিবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া হয়। তিনি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বুধবার মিজানুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. ইসমাইল মিয়া জানান, বুধবার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরি সভায় মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচ ছাত্রী ২৬ জুলাই মিজানুর রহমানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ করে। এ নিয়ে প্রথম আলোয় ‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।