বোর্ডের নীতিমালা উপেক্ষা করে কেন্দ্র কমিটি গঠন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার ইচ্ছা অনুসারে কক্ষপরিদর্শক নিয়োগ করাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন।পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা সেলের সহকারী কমিশনার শিরিন শবনম স্বাক্ষরিত ১৮ এপ্রিলের এক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল আলম ৬ এপ্রিল গলাচিপা উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান মিয়ার বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করেন। অভিযোগের মধ্যে রয়েছে: পরীক্ষা পরিচালনার জন্য বোর্ডের নীতিমালা উপেক্ষা করে পরীক্ষা কমিটি গঠন, কেন্দ্র কলেজ থেকে বোর্ডের নির্দেশিতসংখ্যক সদস্য না নেওয়া, পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য কোনো বাজেট না করে খেয়ালখুশিমতো টাকা ব্যয় করা, অনিয়মতান্ত্রিকভাবে পরীক্ষার্থীদের আসনবিন্যাস করাসহ নিজের ইচ্ছা অনুসারে পক্ষপরিদর্শক নিয়োগ দেওয়া।এ প্রসঙ্গে গলাচিপা উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, ‘আমরা যা করেছি, তা আমাদের কারও ব্যক্তিগত স্বার্থে করিনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য যা করা দরকার, তা-ই করেছি। পরীক্ষা কমিটির কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয় ও বোর্ডে পাঠানো হয়েছে। আর আর্থিক অনিয়মের অভিযোগ ঠিক নয়।’