গলাচিপায় অস্ত্রসহ সাংসদ রনির ক্যাডার গ্রেপ্তার
গলাচিপা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের গলাচিপা কলেজ রোডের বাসভবনের পাশের একটি ঘর থেকে গতকাল রোববার দুপুরে দেশি অস্ত্রসহ মো. জিহাদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।একই দিন বেলা ১১টার দিকে গলাচিপা লিপি সিনেমা হলের কাছে আল আমিন (৩২) নামে একজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।হারুন অর রশিদের অভিযোগ, সকাল থেকে সাংসদ গোলাম মাওলা রনির ক্যাডার জিহাদসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করার জন্য ওই ঘরে ওত পেতে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ব্যক্তিরা পালিয়ে গেলেও জিহাদ ধরা পড়ে যায়। তবে সাংসদ গোলাম মাওলার অনুসারী হিসেবে পরিচিত উপজেলা যুবলীগ সভাপতি এরশাদ হোসেন বলেন, ‘জিহাদের হাতে কোনো অস্ত্র ছিল না। হারুন অর রশিদের লোকজন ষড়যন্ত্র করে তাঁর পাশে একটি ছ্যানা রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।’লিপি সিনেমা হলের কাছে সন্ত্রাসী হামলার শিকার আল আমিন জানান, পৌরসভার বাসিন্দা মন্নান পেয়াদা, সাদ্দাম হোসেনসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা সাংসদ রনির অনুসারী। হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।তবে অভিযোগ মিথ্যা দাবি করে মন্নান বলেন, রাজনৈতিক শত্রুতার জের ধরে তাঁদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম জিহাদকে ছ্যানাসহ গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।