পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের দুই উপপরিদর্শকসহ ১৩ জন আহত হয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাংসদ গোলাম মাওলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে আপত্তিকর কথা বলেন। এর প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণ মিছিল নিয়ে গলাচিপা থানার কাছে পৌঁছালে গোলাম মাওলার সমর্থকেরা ওই মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব খলিফা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া ও মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন। মিছিলে হামলা করায় মিছিলকারীদের সঙ্গে সাংসদ-সমর্থকদের সংঘর্ষ হয়।তবে সাংসদ-সমর্থিত অংশের সাধারণ সম্পাদক কাজী সহিদুল ইসলাম বলেন, হারুন অর রশিদ, ওহাব খলিফা ও মাইনুল ইসলামের নেতৃত্বে কতিপয় উশৃঙ্খল লোক পূর্বপরিকল্পিতভাবে তাঁদের কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে। তাঁরা প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।