গলাচিপায় আওয়ামী লীগ কার্যালয়ের তত্ত্বাবধায়কের রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের বালিকা বিদ্যালয় সড়কের বাসিন্দা মো. হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন।হেলাল উদ্দিনের (৪৩) ছোট ভাই মো. মানিক জানান, তাঁর ভাই অসুস্থ ছিলেন। গত বুধবার রাতে তিনি বাসায় একা ঘুমিয়ে ছিলেন। তাঁর স্ত্রী ও ছেলে এক আত্মীয়র বাসায় ছিলেন।হেলাল উদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম জানান, গতকাল সকালে তিনি বাসায় ফিরে দেখেন, ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন, স্বামীর মৃতদেহ খাটের ওপর পড়ে আছে।গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, হেলাল উদ্দিন ১৯৯৬ সাল থেকে দলীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।