গলাচিপায় আট শিক্ষক কর্মচারীর কাছ থেকে জোর করে ইস্তফাপত্র নেওয়ার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরবিশ্বাস এম আলী লতিফিয়া দাখিল মাদ্রাসার আটজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে জোর করে ইস্তফাপত্র নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার মানসুর আহম্মদ গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. রুহুল আমীন চৌকিদারসহ সাতজনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি বেলা একটায় মাদ্রাসার ক্লাস চলছিল। এ সময় রুহুল আমীন চৌকিদার, তাঁর ভাই জালাল আহম্মদ, দক্ষিণ চরবিশ্বাস এলাকার মো. আলতাফ হোসেন হাওলাদার, হেলাল জোমাদ্দারসহ কয়েকজন মাদ্রাসার কার্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করেন। একপর্যায়ে জালাল আহম্মদ সাদা কাগজে শিক্ষক ও কর্মচারীদের ইস্তফাপত্র দিতে বাধ্য করেন। মো. রুহুল আমীন চৌকিদার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ইস্তফাপত্র নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। মালার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম ফারুক বলেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ইস্তফাপত্র লিখিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে।