গলাচিপায় কবির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়নি দুই মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কবির গাজী হত্যা মামলার প্রধান আসামি রুহুল আমিন গাজীসহ দুজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে স্থানীয় প্রভাবশালীরা চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রেপ্তার এড়াতে রুহুল আমিন গাজী কৌশলে ভারত চলে গেছেন বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে। তবে অপর চার আসামি মো. কামাল হোসেন, আনোয়ার বেপারী, মো. হাসান মুন্সি ও মো. কবির গাজী জেলহাজতে রয়েছেন। এর মধ্যে মো. কামাল হোসেন হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২৮ জুন একটি মুঠোফোন চুরির অভিযোগ তুলে গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের কবির গাজীকে (৩০) বটগাছের ডালে ঝুলিয়ে শতাধিক লোকের সামনে লাঠিপেটা করে হত্যা করা হয়। একই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা পুলিশের সাবেক কনস্টেবল মো. রুহুল আমিন গাজী ও তাঁর ভাগনে মো. কামাল হোসেনের নেতৃত্বে তাঁকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ২৮ জুন রাতে নিহতের স্ত্রী নুরুন্নাহার গলাচিপা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম হাওলাদার বলেন, ‘কবির হত্যা মামলার চারজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমরা পলাতক দুই আসামি রুহুল আমিন গাজী ও তাঁর ভাই ফারুক গাজীকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ শাহ আলম হাওলাদার আরও জানান, তদন্তে রুহুল আমিন গাজীর সাবেক কর্মস্থল কুষ্টিয়ার দৌলতপুর থানায় খোঁজ নিয়ে জানাগেছে, সেখানে তাঁর নাম ছিল মো. বশির মাহমুদ। ২০০১ সালে তিনি চাকরিচ্যুত হন। এলাকাবাসী জানায়, ২০০৩ সালে রুহুল আমিন ইউনিয়ন পরিষদের সদস্যপদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তখন নোটারি পাবলিকে এফিডেভিট করে নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন মো. রুহুল আমিন গাজী।কবির গাজীর স্ত্রী নুরুন্নাহার বলেন, ‘এলাকার বড়মিয়ারা (প্রভাবশালীরা) মামলায়গোনে (মামলা থেকে) রুহুল গাজীর নাম বাদ দিতে আমারে চাপ দিতেছে। হুনি সবাই কয়, রুহুল গাজী ইন্ডিয়া পলাইয়া গ্যাছে।’কবির গাজীকে হত্যার ঘটনা নিয়ে প্রথম আলোয় গত ২৯ জুন ও ২ জুলাই দুটি প্রতিবেদন ছাপা হয়।