গলাচিপায় কালীবাড়ির সম্পত্তি রক্ষার দাবি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ির সম্পত্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে দখলচেষ্টার অভিযোগ উঠেছে।
এ সম্পত্তি রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার পৌর সদরে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে পৌরসভা সদরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি আঙিনায় বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রথমে গলাচিপা উপজেলা ভূমি কার্যালয়ের সামনে ও পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শেষে কালীবাড়ি পরিচালনা পরিষদের সদস্যরা ইউএনও আবদুল্লাহ আল বাকীর সঙ্গে দেখা করে কালীবাড়ির সম্পত্তি রক্ষার আবেদন জানান।
পরিষদের সভাপতি সুনীল কৃষ্ণ কুণ্ড বলেন, ‘গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ির নামে গলাচিপা পৌরসভার রতনদী মৌজায় দুই একর ৭৫ শতাংশ দেবোত্তর সম্পত্তি রয়েছে। তবে রতনদী এলাকার বাসিন্দা অরুণ কুমার ভূঁইয়া ওই জমি ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের চেষ্টা করছেন। আমরা তাঁর এ অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছি।’
অভিযোগের বিষয়ে পটুয়াখালী জেলা বারের সদস্য আইনজীবী অরুণ কুমার ভূঁইয়া বলেন, ‘উচ্চ আদালতের দেওয়া আদেশ অনুসারে ওই জমির মালিক আমি। তবে আমি তা দখল করতে যাইনি। এ বিষয় নিয়ে মিছিল-সমাবেশ করাটা দুঃখজনক।’