গলাচিপায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ১৪ জন অসুস্থ
পটুয়াখালীর গলাচিপায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের গলাচিপা ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার ভূঁইয়ারহাওলা গ্রামের আবদুস সালাম পেয়াদার বাড়িতে পিঠা তৈরি করা হয়। ওই বাড়িতে ওই দিন এলাকার কয়েকটি পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছিল। পিঠা খাওয়ার পর রাত নয়টার দিকে সবাই রুই মাছের ঝোল দিয়ে ভাত খায়। ভাত খাওয়ার পর রাত সাড়ে ১০টায় ১৪ জন খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া ১৪ জন হচ্ছে সালাম পেয়াদা (৫০), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪০), ছেলে শামীম (১৮), নবীন (১২), মেয়ে বৃষ্টি (১২), এলাকার কাজল সিকদার (৪০), তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৪), ছেলে মীরাজ (১২), তামীম (৪), দিলারা বেগম (৪০), গহিনখালী গ্রামের মো. হাকিম আলী (৫০), হ্যাপি (১৩), মো. জসিম (৪০) ও মো. রুবেল (১০)।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, এরা সবাই খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত। এদের মধ্যে তামীম, রুবেল ও বৃষ্টির অবস্থা আশঙ্কাজনক।