গলাচিপায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বল্পমূল্যে সাধারণ মানুষকে চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ছয়টি ইউনিয়নে স্বাস্থ্যক্যাম্পে রোগী দেখবেন। গণস্বাস্থ্যকেন্দ্র জানায়, স্বাস্থ্যক্যাম্পে রোগীদের নিবন্ধন ফি লাগবে ১০ টাকা। চিকিৎসকের পরামর্শের জন্য আলাদা ফি দিতে হবে না। গণস্বাস্থ্যকেন্দ্রের এই দলে থাকছেন ধাত্রী ও প্রসূতি, শল্য, চক্ষু, নাক-কান-গলা বিশারদ, অবেদনবিদ, হূদেরাগ বিশেষজ্ঞ, রেডিওলজিস্ট, ফার্মাসিস্ট, প্যাথলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ছয়জন নবীন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যক্যাম্পের কাজে সহায়তার জন্য ছয়টি ইউনিয়নের স্কুল-কলেজের ৩০ জন ছাত্রীকে গণস্বাস্থ্যকেন্দ্রের খরচে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার শিক্ষা দেওয়া হবে। এই ক্যাম্প ইউনিয়ন পরিষদের সহায়তায় পরিচালিত হবে। স্বাস্থ্যক্যাম্পে যেসব নারী গর্ভথলি বেরিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, কিংবা যাদের গর্ভথলিতে বা ডিম্বথলিতে টিউমার হয়েছে, তাঁরা অস্ত্রোপচার করাতে পারবেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানের টিউমার, হার্নিয়া, হাইড্রোসিল, অর্শ ইত্যাদি রোগেরও চিকিৎসা দেওয়া হবে। অবেদন করা ও রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা থাকবে। লেন্স বসানোসহ চোখের অস্ত্রোপচারে দুই হাজার টাকা ও গর্ভথলি বেরিয়ে যাওয়ার সমস্যা দূর করতে যে অস্ত্রোপচার করা হবে, তাতে খরচ হবে চার হাজার টাকা। ছোট অস্ত্রোপচারে খরচ কম হবে, অবেদন করার জন্য আলাদা কোনো খরচ নেই। স্বাস্থ্যক্যাম্পে অল্প খরচে পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা থাকছে। এ ছাড়া বিনা ওষুধে কাঁধ, পিঠ, কোমর ও বিভিন্ন সন্ধির ব্যথা নিরাময় এবং হঠাৎ মুখ বেঁকে যাওয়া, হাত ওপরে ওঠাতে না পারা, স্ট্রোক, অর্ধাঙ্গ অবশ হওয়া ও প্যারালাইসিসের জন্য অল্প খরচে ফিজিওথেরাপি ও ম্যাসাজ থেরাপির ব্যবস্থা থাকবে। ১৩ জানুয়ারি গলাচিপা বালিকা উচ্চবিদ্যালয়ে, পরদিন আটখালী উচ্চবিদ্যালয়ে ক্যাম্প হবে। ১৫ ও ১৬ জানুয়ারি ক্যাম্প হবে যথাক্রমে চর বিশ্বাস হাজী কেরামত আলী মহাবিদ্যালয়ে ও পানপট্টি উচ্চবিদ্যালয়ে। ১৭ জানুয়ারি হবে চিকন কান্দি ইউনিয়ন পরিষদে। শেষ দিনে ক্যাম্প বসবে খারিজ জমা ডিগ্রী কলেজে।