গলাচিপায় চিংড়িঘেরে মড়ক ২০ কোটি টাকা গচ্চা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উপকূলীয় এলাকার ঘেরগুলোতে ব্যাপক হারে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। বিষ মেশানো পানি ঘেরে ঢুকে পড়ায় মাছগুলো মারা যাচ্ছে। তবে ভাইরাসজনিত রোগে মাছ মরছে বলে কিছুসংখ্যক জেলে দাবি করেছেন। ঘেরমালিকেরা অভিযোগ করেন, বন বিভাগ নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকার শতাধিক চরে কয়েক হাজার খাল আছে। বন বিভাগ নির্ধারিত রাজস্বের বিনিময়ে এসব খালে জেলেদের মাছ ধরার জন্য দৈনিক ও সাপ্তাহিক অনুমতি দেয়। এ সময় তাঁরা খালের পানিতে বিষ ঢেলে মাছ শিকার করেন। আর ওই বিষ মেশানো পানি জোয়ারের সময় ঘেরে ঢুকে পড়ায় বাগদা চিংড়ি মারা যাচ্ছে। চলতি মৌসুমে এসব এলাকার বিভিন্ন ঘেরের প্রায় ২০ কোটি টাকার বাগদা মারা গেছে।গলাচিপা পৌরসভার মেয়র ও ঘেরমালিক আবদুল ওহাব খলিফা জানান, চলতি মৌসুমে তাঁর তিনটি ঘেরের প্রায় দেড় কোটি টাকার চিংড়ি মারা গেছে। তিনি অভিযোগ করেন, চরাঞ্চলের মাছ ব্যবসায়ীরা বন বিভাগের কাছ থেকে মাছ ধরার অনুমতি নিয়ে লোক দিয়ে খালে বিষ ঢেলে সহজে মাছ ধরছেন। এর প্রতিকার চেয়ে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।উপজেলার রাংগাবালী ইউনিয়নের চিংড়িচাষি মো. সাইদুল ইসলাম জানান, গত অমাবস্যা ও পূর্ণিমার সময় তিনি তাঁর ঘেরের চিংড়ি ধরতে গিয়ে দেখেন, জালে প্রচুর মরা চিংড়ি ও চিংড়ির খোলস উঠে এসেছে। কোনো ধরনের ভাইরাসের সংক্রমণে চিংড়ি মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘চিংড়িচাষিদের কাছ থেকে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, সাদা দাগ রোগে (হোয়াইট স্পট ডিজিজ) চিংড়িগুলো মারা যাচ্ছে। আবার অন্য কোনো বিষক্রিয়ার কারণেও সাদা দাগ রোগ হতে পারে। তবে পলিমার চেঞ্জ রি-অ্যাকশন (পিসিআর) পরীক্ষা না করে ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে না।’বিষ মেশানো পানি ঘেরে ঢুকলে চিংড়ি মারা যেতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাগদা চিংড়ির বিষক্রিয়া সহনক্ষমতা খুবই কম। পানিতে সামান্য মাত্রার বিষক্রিয়া দেখা দিলেই চিংড়ির মড়ক দেখা দিতে পারে। বিষক্রিয়ার কারণে চিংড়ি মারা গেলেও ওই সব চিংড়িতে সাদা দাগ রোগের লক্ষণ দেখা দেয়।’বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখার্জি বলেন, ‘জেলেরা চরাঞ্চলের খালের পানিতে বিষ ঢেলে মাছ ধরছেন, এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। আর এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’