গলাচিপায় টর্নেডোর ছোবলে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মঙ্গলবার গভীর রাতে টর্নেডোর আঘাতে সাতটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। উড়িয়ে নিয়ে গেছে শতাধিক বসতঘর। ঘরের নিচে চাপা পড়ে নারী-শিশুসহ আটজন আহত হয়েছে। এ ছাড়া গবাদিপশু ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।এলাকাবাসী জানায়, রাত একটার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া, দক্ষিণ বাউরিয়া, তাফালবাড়িয়া, আলগী তাফালবাড়িয়া, খোন্তাখালী, বিশকানি বাউরিয়া, ভাংড়া, নাপ্তেরহাওলা, হামখোলা ও মুশুরিকাঠি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। চার থেকে পাঁচ মিনিট স্থায়ী এ টর্নেডোতে আক্রান্ত এলাকাগুলোর শতাধিক ঘর উড়ে গেছে। বাউরিয়া গ্রামের মোকছেদ মৃধা জানান, টর্নেডোর আঘাতে তাঁদের বাড়ির খলিল মৃধা, মোহাম্মদ মৃধা, জাকির তালুকদার ও তাঁর নিজের বসতঘরসহ আটটি ঘর উড়িয়ে নিয়ে যায়। এ সময় ঘরচাপা পড়ে মোকছেদ মৃধার স্ত্রী জামেনা বিবি, মনির মৃধার স্ত্রী আকলিমা বেগম, ছেলে পারভেজ, মুইম আহত হয়। মোকছেদ মৃধার একটি গাভি ঘরচাপা পড়ে মারা যায়। ওই গ্রামের আল-আমিন হাওলাদার জানান, তাঁদের বাড়ির তিনটি টিনের ঘর উড়িয়ে নিয়ে যায়। তাফালবাড়িয়া গ্রামে মিলন গাজীর ঘরের নিচে চাপা পড়ে তানিয়া বেগম (২০) ও নাসির উদ্দিন (২৮) আহত হন। স্বপন শীলের বসতঘর উড়ে গেছে। আমখোলার ইউপি সদস্য মো. বাবুল সরদার প্রথম আলোকে জানান, টর্নেডোর আঘাতে আমখোলার সাতটি গ্রামে শতাধিক বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৪০০-এরও বেশি ঘর। তিনি জানান, এতে ওই এলাকাগুলোর দুই শতাধিক গবাদিপশু আহত হয়। বিধ্বস্ত হয় কয়েক হাজার গাছপালা।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি আমখোলা ইউপি চেয়ারম্যানকে সরেজমিনে পরিদর্শন করে জানাতে বলেছি।’