গলাচিপায় তিন শতাধিক গাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে সামাজিক বনায়ন প্রকল্পের বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ চুরির ঘটনা ঘটেছে। পটুয়াখালী বন বিভাগের তিন কর্মচারী ও সামাজিক বনায়নের এক উপকারভোগী সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।গত রোববার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে তাঁরা তিন কিলোমিটার এলাকাজুড়ে বনায়নের গাছগুলো কেটে ট্রলার বোঝাই করে নিয়ে যান।এদিকে গাছ কেটে নেওয়ার খবরে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী বন বিভাগের উপকূলীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ঘটনাস্থলে যান। এ সময় তিনি কেটে ফেলা ৪০টি গাছ ও ডালপালা জব্দ করেন।পটুয়াখালী বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় আমখোলা ইউনিয়নে ১৯৯৫-৯৬ সালে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হয়। বন বিভাগের তিন কর্মচারী রোববার থেকে আমখোলা স্লুইস বাজারসংলগ্ন দড়ি বাহেরচর গ্রামের তিন কিলোমিটার এলাকার বড় বড় মূল্যবান গাছ কেটে নিয়েছেন। তাঁরা আকাশমণি, রেইনট্রি, চাম্বল, ইপিল ইপিল, খৈয়া বাবলা-জাতীয় মূল্যবান গাছ কেটে ট্রলার বোঝাই করে নিতে যেতে থাকেন। ইতিমধ্যেই বনায়নের তিন শতাধিক গাছ তাঁরা কেটে নিয়েছেন।দড়ি বাহেরচর এলাকার আবুল কাসেম মুন্সী (৭০) ও রশিদ হাওলাদার (৬৫) জানান, রোববার গাছ কাটা শুরু হয়। বৃহস্পতিবারও গাছ কেটে পিস করে চারটি ট্রলারে বোঝাই করে নিয়ে যেতে দেখেছেন তাঁরা। সামাজিক বনায়নের উপকারভোগী সভাপতি শাহ আলম মৃধা ও বন বিভাগের কর্মচারী হারুনসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। তবে বন বিভাগের অন্য দুই সদস্যের নাম তাঁরা বলতে পারেননি।ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে শাহ আলম মৃধা জানান, মো. হারুন নামের বন বিভাগের এক কর্মচারী ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত গাছগুলো কাটার কথা তাঁকে জানান। পটুয়াখালী বন বিভাগ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে শুনে তিনি গাছ কাটতে বাধা দেননি।পটুয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনদস্যুদের কেটে ফেলা ৪০টি গাছ ও ডালপালা জব্দ করা হয়েছে। বন বিভাগের কিছু লোক এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মকবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।