পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদী ও রণগোপালদী নদী দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পাঁচটি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসকসহ ১৫ জনকে নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। রোববার ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।যাঁদের উদ্দেশে নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা হলেন ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও সমবায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, বরিশালের বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের (বরিশাল) পরিচালক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। নোটিশে নদী দুটির স্বাভাবিক গতিপথ উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বেলার জ্যেষ্ঠ আইনজীবী তাসলিমা ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বেলার বরিশাল প্রতিনিধি পরিদর্শনে গিয়ে দেখতে পান, রামনাবাদ নদীর তীর এলাকায় প্রায় সাত একর জায়গায় ইট-সিমেন্টের সীমানা খুঁটি ও পাকা দেয়াল নির্মাণ করে অননুমোদিতভাবে ভরাট করা হচ্ছে। ওই স্থানে ‘প্রস্তাবিত গলাচিপা নিউমার্কেট, গলাচিপা, পটুয়াখালী’ লেখা একটি সাইনবোর্ডও টানানো আছে। অন্যদিকে রণগোপালদী নদীর তীরবর্তী প্রায় পাঁচ একর এলাকা ভরাট করা হচ্ছে।পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ বলেন, ‘এখনো তিনি নোটিশ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’