পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষে ৬২ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ১৪টি বাড়ি ও তিনটি দোকানে ভাঙচুর করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী এ বি এম আবদুল মান্নান তাঁর দেড় শতাধিক সমর্থক নিয়ে কাউখালী গ্রামে গণসংযোগ করতে যান। ওই গ্রামে অপর চেয়ারম্যান প্রার্থী মোস্তাইনুর রহমানের বাড়ি। সমর্থকসহ আবদুল মান্নান কাউখালী গ্রামের সীমানায় পৌঁছালে মোস্তাইনুর রহমানের সমর্থকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর দুই পক্ষ দুই পাশে অবস্থান নিয়ে লোকসমাগম করতে থাকে। বেলা দেড়টার দিকে আবদুল মান্নানের সমর্থকেরা মিছিলসহ কাউখালী গ্রামে ঢুকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ৬২ জন আহত হয়।মোস্তাইনুর রহমানের অভিযোগ, আবদুল মান্নান পরিকল্পিতভাবে লোকজন নিয়ে কাউখালীতে গিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তিনি এলাকায় ছিলেন না। খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালান। কিন্তু আবদুল মান্নানের পক্ষের লোকজন রামদা, বগি-দা ও লোহার রড নিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে তাঁর পক্ষের ৩৭ জন আহত হয়েছে। তাঁর অভিযোগ, আবদুল মান্নানের লোকজন তাঁর বাড়িসহ ১৪টি বাড়িতে ভাঙচুর করেছে। এ ছাড়া তারা তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।এ বি এম আবদুল মান্নান বলেন, তিনি তাঁর সমর্থকদের নিয়ে কাউখালী এলাকায় গণসংযোগে গেলে মোস্তাইনুর রহমানের সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।