গলাচিপায় দুর্যোগের শিকার ছয় জেলেকে সাগর থেকে উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছধরার ট্রলারের ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন অজ্ঞান অবস্থায় থাকায় তাঁর পরিচয় জানা যায়নি। গলাচিপার রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাবাদ গ্রামের মো. শহীদুল ইসলামের একটি মাছধরার ট্রলারের জেলেরা গত রোববার বিকেলে গলাচিপার সোনার চরের কাছে বঙ্গোপসাগরের একটি ডুবোচর থেকে কক্সবাজার সদর উপজেলার মো. গিয়াস উদ্দিন (৫০), মহেশখালীর মো. ইসমাইল (২৫), চট্টগ্রামের আবুল কাশেম (৪৭), মো. ফজলউদ্দিন (৪২) এবং নোয়াখালীর মো. মাহাফুজকে (৪৫) উদ্ধার করেন। জেলেরা সবাই কাঠের টুকরো ধরে ডুবোচরের পানিতে ভাসছিলেন। উদ্ধারের পর তাঁরা নিজের নাম ও এলাকার নাম ছাড়া আর কিছুই বলতে পারেননি। তবে একজন জেলে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ১৫ জন জেলেসহ তাঁদের মাছধরার ট্রলারটি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে। এদিকে গতকাল সোমবার ভোর ছয়টার দিকে গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি নিজকাটার কাছে বঙ্গোপসাগর থেকে অপর এক যুবককে উদ্ধার করেন নিজকাটা গ্রামের দুলাল মাঝির ট্রলারের জেলেরা। দুলাল মাঝি জানান, তাঁরা সাগরে মাছ ধরতে যাওয়ার পথে ২০-২২ বছর বয়সী ওই যুবককে একটি লাইফ-বয়া নিয়ে ভাসতে দেখেন। যুবককে সাগর থেকে উদ্ধার করে ট্রলারে তুলতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। বড়বাইশদিয়া ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির দলনেতা (টিম-লিডার) মো. আসাদুজ্জামান জানান, নিজকাটা গ্রামেই ওই যুবককে চিকিৎসা করানো হচ্ছে। সোমবার বিকেল চারটা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।