গলাচিপায় নদী দখলকারী স্থাপনা ১৫ দিনের মধ্যে ভাঙতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে রামনাবাদ নদী দখল করে গড়া অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকারের নদীবিষয়ক টাস্কফোর্স। স্থানীয় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।গতকাল রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ে টাস্কফোর্সের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গলাচিপায় রামনাবাদ নদীতে আট একর জায়গা দখল করে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা বিপণিবিতান, স্টেডিয়াম ও শিশুপার্ক তৈরির জন্য মাটি ভরাট করেন। নদীর তীর ঘেঁষে উঁচু দেয়ালও তৈরি করা হয়েছে। এসব কাজে সরকারের টেস্ট রিলিফের (টিআর) অর্থ পর্যন্ত ব্যয় করা হয়।টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, গলাচিপায় নদী দখল করে গর্হিত কাজ করা হয়েছে। দখলদারকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে নিজ দায়িত্বে ভেঙে ফেলার জন্য। স্থানীয় প্রশাসনের কেউ এ কাজে সহায়তা কিংবা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ সময় জানান, পরিবেশ আইন পাস হতে তিন মাস সময় লাগতে পারে। এ সময় নদী দখলকারীদের বিরুদ্ধে জলাধার সংরক্ষণ আইনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম, ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, নদী ও পরিবেশবিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গতকালের সভায় বুড়িগঙ্গা নদী থেকে অপসারণ করা বর্জ্য কী করা হবে, তা ঠিক করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভা সূত্র জানায়, বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা, ঢাকা থেকে দূরে কোথাও ফেলা এবং এ থেকে বিদ্যুত্ উত্পাদন করাসহ নানা পরামর্শ এসেছে। বর্তমানে এ বর্জ্য সাভারের আমিনবাজার এলাকায় ফেলা হচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে নিচু জায়গা ভরাটেও তা ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাজাহান খান বলেন, বর্জ্য ফেলার মতো জায়গা নেই। সে জন্যই সমস্যা হচ্ছে।বৈঠকে হাইকোর্টের কাছে ঢাকা থেকে ট্যানারি-শিল্প সরিয়ে দেওয়া ও কেন্দ্রীয় বর্জ্য শোধন প্লান্ট (সিইটিপি) স্থাপনের সময় বাড়ানোর আবেদন করা নিয়েও আলোচনা হয়। শিল্প মন্ত্রণালয় এ আবেদন করতে পারে। হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারির মধ্যে এটি করার নির্দেশ দিয়েছিলেন।ঢাকার চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ঢাকার চারপাশের পাঁচটি নদীর তীরবর্তী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে ‘ধীরে চলো’ নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সীমানা পিলার তৈরি হয়নি—এই যুক্তিতে অভিযান কিছুটা শিথিল করা হচ্ছে বলে জানা গেছে।টাস্কফোর্সের গত মাসের বৈঠকে মার্চ মাস থেকে উচ্ছেদের পর সরকারি জায়গা সংরক্ষণের জন্য সীমানা পিলার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান বলেন, মার্চ মাসে সীমানা পিলার তৈরি হবে। এপ্রিল মাস থেকে উচ্ছেদ করা ভূমিতে সেগুলো ব্যবহার শুরু হবে। পিলার তৈরি হওয়ার পর উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। মন্ত্রী জানান, উচ্ছেদে পুলিশ ছাড়াও প্রয়োজনে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।বৈঠক সূত্র জানায়, পিলার তৈরির জন্য আনুমানিক ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। অর্থ পাওয়ার পরই দরপত্র আহ্বান করা হবে।বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া পাঁচটি নদীর দখল পরিস্থিতি তুলে ধরেন। তিনি তাঁর প্রতিবেদনে জানান, ঢাকা জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সাত হাজার ১৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে।