গলাচিপায় ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে ভিজিডির চাল নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিডির চলতি মাসের চাল বিতরণের জন্য ইউনিয়নের তালিকাভুক্ত ২৬৯ জন নারীকে গত শনিবার ইউনয়নের তুলাতলী বাজারে ডেকে নিয়ে দুপুর থেকে তাঁদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা শুরু হয়। কিন্তু নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ায় উপস্থিত নারীরা এর প্রতিবাদ করেন। একপর্যায়ে কম চাল দেওয়ার প্রতিবাদে ১৯৫ জন নারী চাল না নিয়ে চলে যান।বড় বাইশদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের কাজীকান্দা গ্রামের মজিদ মাঝির স্ত্রী হোসনে আরা বেগম (৩০) বলেন, ‘শনিবার আমাগোরে ১৫ কেজি করে চাউল দেওয়া শুরু করছিল। আমাগো পাওয়ার কথা ২৩ কেজি। আষ্ট (আট) কেজি কম দেওনে আমরা হেইদিন চাউল নেই নাই। আইজ আবার মেম্বাররা ডাইক্যা আইন্যা ১৮ কেজি কইর্যা চাউল দিল। হগুলডিরেই (সবাইকে) পাঁচ কেজি কইর্যা কম দিছে।’ভিজিডির চাল বিতরণের দায়িত্বে নিয়োজিত বড় বাইশদিয়ার ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমীন বলেন, ‘শনিবার চাল বিতরণের সময় একটু ভুল বোঝাবুঝির কারণে অনেকে চাল না নিয়ে ফিরে যান। তবে ওই দিন আমরা ৭২ জন নারীকে চাল দিয়েছি। আমরা কাউকে পরিমাণে কম দিইনি। যারা বাকি ছিলেন, তাঁদের আজ (গতকাল রোববার) চাল দেওয়া হয়েছে।’তবে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিম আরেফিন বলেন, ‘শনিবার প্রত্যেককে ২৩ কেজির পরিবর্তে ১৫ কেজি করে চাল দেওয়া শুরু করলে ১৯৫ জন নারী চাল না নিয়ে চলে যান। ওই দিন রাতে তাঁদের গিয়ে বলা হয়, রোববার সঠিক পরিমাণে চাল দেওয়া হবে। কিন্তু রোববারও প্রত্যেককে পাঁচ কেজি করে চাল কম দেওয়া হয়েছে।’ভিজিডি প্রকল্পভুক্ত নারীদের সহায়তাকারী বেসরকারি সংস্থা সংগ্রামের স্থানীয় কর্মী শ্রাবণী জাহান বলেন, ‘রোববার (গতকাল) বড় বাইশদিয়ার ১৯৫ জন নারীর মধ্যে প্রত্যেককে ১৮ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ২৩ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা থাকলেও মাস্টাররোলে লেখা হয়েছে ৩০ কেজি করে। আর দেওয়া হলো ১৮ কেজি করে। আমি বিষয়টি সংগ্রাম কর্তৃপক্ষকে জানাব।’বড় বাইশদিয়া ইউনিয়নের ভিজিডি প্রকল্পের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোবাশ্বের আলী হাওলাদার বলেন, ‘ওই ইউনিয়নে ভিজিডির চাল বিতরণের বিষয়ে আমাকে জানানো হয়নি। নির্দেশনা অনুসারে প্রত্যেকের ২৩ কেজি চাল পাওয়ার কথা। কম দেওয়ার বিষয়ও আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’