গলাচিপায় মেয়রের বাড়িতে সাংসদের সমর্থকদের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গতকাল শুক্রবার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তারা পৌরসভা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চও ভাঙচুর করে। মেয়র ওহাব খলিফা অভিযোগ করেন, পটুয়াখালী-৩ (গলাচিপা) আসনের সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। গলাচিপা পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌরসভার নিজস্ব ভবন নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিকেল সাড়ে চারটায় খাদ্যগুদাম সড়কে পেয়ারা বাগান এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ জন্য সেখানে মঞ্চও তৈরি করা হয়। অন্যদিকে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা বিকেলে স্থানীয় পৌর মঞ্চে সমাবেশ ডাকেন। সমাবেশ শেষে সাংসদের সমর্থকেরা পৌরসভার অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেন।