গলাচিপায় রনির তিন শ্যালকের নামে আরও দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির তিন শ্যালকের বিরুদ্ধে গত সোমবার রাতে গলাচিপা থানায় আরও দুটি মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গোলাম মাওলা রনির শ্যালক মো. মকবুল খান এবং মকবুলের চাচাতো ভাই একই ইউনিয়নের বাসিন্দা মো. মাহাজিব খান ও মো. কবির খান। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও জোর করে সম্পত্তি আদায়ের অভিযোগে মামলা দুটি করা হয়। সোমবার রাতে গলাচিপার উলানিয়া বন্দরের কাঠ ব্যবসায়ী মো. আশ্রাব ফরাজী একটি এবং ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড়ডাকুয়া গ্রামের কৃষক মো. আলমগীর আকন অন্য মামলাটি করেন।
এর আগে রোববার উলানিয়া বন্দরের ভুসা মালের ব্যবসায়ী লক্ষণ দেবনাথ মকবুল খান এবং মাহাজিব খানসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটতরাজের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় মকবুল ও মাহাজিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল প্রথম আলোকে বলেন, মকবুল খান এবং মাহাজিব খানের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটতরাজ, সমাবেশে হামলার অভিযোগে আগের চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় এ দুজন কারাগারে রয়েছেন। চলতি মামলা দুটিতে তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে।