গলাচিপায় রামনাবাদ নদী দখলমুক্ত করার উদ্যোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদী দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ওই নদী দখলমুক্ত করার ব্যাপারে সরকারের নদীবিষয়ক টাস্কফোর্সের সিদ্ধান্তের চিঠি পটুয়াখালীর জেলা প্রশাসনের কাছে পৌঁছার পর এ ব্যাপারে কাজ শুরু হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নদী দখলমুক্ত করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের টাস্কফোর্সের সিদ্ধান্তের চিঠি পেয়েছি। যারা অবৈধভাবে নদী দখল করে আছে, তাদের তালিকা পাঠাতে বলেছি ইউএনওকে। কীভাবে নদী দখলমুক্ত করা যায়—এ ব্যাপারে প্রতিবেদন পাঠাতেও তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’জেলা প্রশাসকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গলাচিপার ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে তাদের চিঠি দেওয়া হবে। স্থাপনা না সরালে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ৭ মার্চ পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে পৌঁছা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, গলাচিপায় নদী ভরাট করতে যে দেয়াল নির্মাণ করা হয়েছে, তা অবিলম্বে অপসারণ করতে হবে। নদ-নদীর নাব্যতা ও স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। এই চিঠি পাওয়ার পর জেলা প্রশাসক ১১ মার্চ এক চিঠিতে ইউএনওকে ওই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।গলাচিপা শহরসংলগ্ন রামনাবাদ নদীর তীর ঘেঁষে উঁচু দেয়াল তৈরি করে ড্রেজারের মাধ্যমে নদীর আট একর জায়গা অবৈধভাবে দখল ও ভরাট করে বিপণিবিতান, স্টেডিয়াম এবং শিশুপার্ক তৈরির পরিকল্পনা করে দখলদারেরা। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। কৃত্রিম নদী ভরাটের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল ওহাব খলিফা গত ১৬ নভেম্বর নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নদী ভরাট কার্যক্রম বন্ধ রাখার জরুরি ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়।