গলাচিপায় লঞ্চে যাত্রী ওঠানো নিয়ে পাথর ছোড়াছুড়ি, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ঘাটে যাত্রী ওঠানো নিয়ে গতকাল বৃহস্পতিবার দুটি লঞ্চের কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের একজন কর্মচারীসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে এমভি পূবালী ও এমভি আল আলিফ নামের দুটি দোতলা লঞ্চ গলাচিপা সদর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা তিনটার দিকে কলাগাছিয়া ঘাটে নোঙর করে লঞ্চ দুটির কর্মচারীরা যাত্রীদের নিজেদের লঞ্চে ওঠানোর জন্য টানাহেঁচড়া শুরু করেন। এ নিয়ে দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে লঞ্চ দুটির কর্মচারীরা একে অপরের দিকে পাথর ছুড়ে মারেন। পাথরের আঘাতে পূবালী লঞ্চের কেবিনবয় আলাউদ্দিনসহ (২৮) ১০ যাত্রী আহত হয়। কলাগাছিয়া লঞ্চঘাটে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন পূবালী লঞ্চের যাত্রী গলাচিপার বোয়ালিয়া গ্রামের নাহার আক্তার। কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। কিন্তু এমভি আলিফ লঞ্চ ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পূবালী লঞ্চের কর্মচারী ও যাত্রীদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছেন। এমভি আলিফ লঞ্চটি ঈদ উপলক্ষে অতিরিক্ত হিসেবে এই নৌপথে চলাচল করছে বলে তিনি জানান।