গলাচিপায় শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন বছরের শিশু সানজিদাকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিকুল ইসলাম নামে (১৯) এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আতিকুলকে গ্রেপ্তার করে। আতিকুলের বাবার নাম নজীর আহমেদ। পুলিশ জানায়, সানজিদাকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে যে মুঠোফোনটি ব্যবহার করা হয়েছিল সেটির সিমকার্ড এবং নগদ ৪১ হাজার টাকা আতিকুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আতিকুলের চাচা মনির হোসেন আকনকে (৩০) আটক করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আতিকুল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (গতকাল) দুপুরে তাঁকে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।