গলাচিপায় শিশুকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি-তালতলি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে গত বুধবার দুপুরে কৃষক মইনুদ্দিনের (৩৫) সাড়ে তিন বছরের শিশু সোনামণিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনামণির মা আলো বেগম (২৮) বলেন, ‘বুধবার দুপুরে সোনামণি ঘরের চৌকিতে ঘুমিয়ে ছিল। আমি রান্নাঘরে ছিলাম। ঘরে আর কেউ ছিল না। আমি শাহীন খাঁ ও চম্পা বেগমকে দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে দেখেছি। এতে সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে দেখি, সোনামণি আর বেঁচে নেই। শাহীন খাঁ ও তাঁর স্ত্রী চম্পা বেগমই সোনামণিকে শ্বাসরোধে হত্যা করেছেন।’ শাহীন খাঁ বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম ঠিক, তবে এ ঘটনা আমি ঘটাইনি। আমার জানামতে, দীর্ঘদিন ধরে বাচ্চাটা অসুস্থ ছিল। সম্ভবত এমনিতেই সে মারা গেছে।’মইনুদ্দিন বলেন, ‘আমার চাচাতো ভাই জয়নাল খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার সময় আমি থানায় ছিলাম। সম্ভবত এ বিরোধের কারণেই ভাতিজা শাহীন খাঁ এ ঘটনা ঘটিয়েছে।’জয়নাল খাঁ বলেন, ‘ঘটনার সময় জমি-সংক্রান্ত ঘটনায় আমি ও মইনুদ্দিন গলাচিপা থানায় ছিলাম।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার জয়নাল খাঁর ছেলে শাহীন খাঁ ও তাঁর স্ত্রী চম্পা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।