গলাচিপায় শ্রমিকের মজুরি নিয়ে নয়-ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় দরিদ্র জনগোষ্ঠীর দুর্যোগ সহনক্ষমতা বৃদ্ধিকরণ কর্মসূচির অধীনে একটি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের শ্রমিকদের কম মজুরি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নীতিমালা অনুযায়ী শ্রমিকদের একই সঙ্গে খাদ্যশস্য ও টাকা দেওয়ার কথা। কিন্তু খাদ্যশস্যের বদলে তাদের হাতে নামমাত্র টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বঞ্চিত শ্রমিকেরা গত বৃহস্পতিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শ্রমিক সরদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইডের স্থানীয় লোকজন তাঁদের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ফেব্রুয়ারি থেকে উপজেলায় বিশ্ব খাদ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় ওই কর্মসূচির অধীনে ১১টি প্রকল্পের কাজ শুরু হয়। ৩১ মের মধ্যে কাজ শেষ করার কথা। এসব প্রকল্পে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ২০৯ টাকা এবং ৮১৬ দশমিক ৫৬৮ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। মুসলিম এইড শ্রমিক দিচ্ছে। আর এ কাজের দেখভাল করছে এলজিইডি। পিআইও সূত্রে আরও জানা গেছে, প্রতিটি প্রকল্পে ৪২টি দলে এক হাজার ২৫০ জন শ্রমিক কাজ করেন। প্রতিটি দলে একজন দলপতি (সরদার) রয়েছেন। একজন শ্রমিককে কাজের জন্য দৈনিক আড়াই কেজি চাল বা গম এবং ৩৭ দশমিক ৫০ টাকা দেওয়ার কথা। শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া থেকে মুখরবান্দা পর্যন্ত ১৬ দশমিক ৭৫ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ প্রকল্পে ৪৮ লাখ ২১ হাজার ৮২৬ টাকা এবং ৩২১ মেট্রিক টন খাদ্যশস্য (চাল বা গম) বরাদ্দ রয়েছে। এ প্রকল্পে শ্রমিকেরা যে পরিমাণে কাজ করেছেন সে অনুযায়ী টাকা দেওয়া হয়নি। পাশাপাশি কাজ অনুযায়ী যে পরিমাণ খাদ্যশস্য দেওয়ার কথা তাও দেওয়া হয়নি। এর বদলে সামান্য পরিমাণ টাকা দেওয়া হয়েছে।কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত এলজিইডির গলাচিপা কার্যালয়ের সার্ভেয়ার মো. কুদ্দুসুর রহমান বলেন, ‘প্রতিদিন আড়াই কেজি খাদ্যশস্য এবং ৩৭ দশমিক ৫০ টাকা মজুরি পেতে একজন শ্রমিককে কমপক্ষে ৫৩ ঘনফুট মাটি কাটতে হবে। অনেক দলই ওই হারে মাটি কাটতে পারেনি। তাই তাদের টাকা কম দেওয়া হয়েছে।’ মুসলিম এইডের উপজেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান বলেন, ওই প্রকল্পের কাজ ও শ্রমিকদের মজুরি সঠিকভাবে পরিশোধ করা হয়েছে। গলাচিপার ইউএনও লস্কর তাজুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পিআইওকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।’