গলাচিপায় সন্ত্রাসী হামলায় আ.লীগের সমাবেশ পণ্ড
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় আওয়ামী লীগের সমাবেশ সন্ত্রাসী হামলায় পণ্ড হয়ে গেছে। পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে এ সমাবেশ শুরু হয়েছিল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনির উপস্থিতিতে তাঁর সমর্থকেরা এ হামলা চালায়। পুলিশ একটি ফাঁকা গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে রামদাসহ আজিজুল (২২) নামের এক যুবকে পুলিশ আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে গলাচিপার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগ দেন। একপর্যায়ে বৃষ্টির কারণে সমাবেশ ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে স্থানান্তর করা হয়।গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ অভিযোগ করেন, স্কুলভবনে সমাবেশের একপর্যায়ে সাংসদ গোলাম মাওলার উপস্থিতিতে তাঁর সমর্থকেরা রামদাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।এদিকে সাংসদের সমর্থক রেজাউল করিম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল চলছিল। এতে সাংসদ গোলাম মাওলাও যোগ দেন। একপর্যায়ে পাশের সমাবেশ থেকে মাইকে সাংসদকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওই সমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মীদের ধাওয়া করে।’সাংসদের সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ প্যাদা বলেন, ‘সমাবেশের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়।’ তিনি বলেন, তাঁদের পক্ষের কামরুল, রেজভী, হেলাল, আজমসহ বেশ কয়েকজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ গোলাম মাওলা। অন্য পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ। দুই পক্ষ পাশাপাশি কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় গত সোমবার থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল।সমাবেশ পণ্ড করার পর সাংসদের সমর্থকেরা তালা ভেঙে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয় বলেও অভিযোগ ওঠে।যোগাযোগের চেষ্টা করেও এ ব্যাপারে সাংসদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, এখন পরিস্থিতি শান্ত। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘যাতে আর কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়, আমরা সেদিকে নজর রাখছি।’