গলাচিপায় সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকদের ভোজসভা!
শিক্ষকদের ভোজসভা ও স্থানীয় সাংসদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২২৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। উপজেলা পরিষদ কমপ্লেক্স-সংলগ্ন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে প্রাথমিক শিক্ষকদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় শুরু হওয়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদার, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা। আমন্ত্রিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকেরা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান জানান, গলাচিপা উপজেলায় ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এসব বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৯০০ জন। উপজেলার সব প্রাথমিক শিক্ষক মতবিনিময় ও ভোজসভায় অংশ নিয়েছেন। তাই প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে উপজেলার সব বিদ্যালয়ে গতকাল এক দিনের ছুটি ঘোষণা করা হয়।বিদ্যালয় ছুটি দিয়ে এভাবে অনুষ্ঠান করার ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকেরা বছরে তিন দিন সংরক্ষিত ছুটি দিতে পারেন। তাই অনুষ্ঠান উপলক্ষে গতকাল গলাচিপা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’ সরকারি কোনো বন্ধের দিনে অনুষ্ঠানটি কেন করা হলো না জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এমপি সাহেবের সঙ্গে মতবিনিময়টা সরকারি কাজের আওতায়ই পড়ে। অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার সময়ই সিদ্ধান্ত হয়, ভোজসভার পাশাপাশি এমপি সাহেবকে নিয়ে একটি মতবিনিময় সভা করা হবে। কিন্তু সময়ের অভাবে এত দিন অনুষ্ঠানটি করা যায়নি। মাননীয় সাংসদ এবার সময় করতে পেরেছেন। তার পরও এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে, তাই আমরা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করেছি।’উপজেলার রাঙ্গাবালি ও বড়বাইশদিয়া ইউনিয়নের কয়েকজন শিক্ষক জানান, প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষকেরা গত বুধবার থেকে গলাচিপা সদরে আসতে শুরু করেন। অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিত থাকার ব্যাপারে অলিখিত কঠোর নির্দেশ জারি করা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে।গলাচিপার বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক জানান, গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। তাঁর উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে। এই টাকার জোগান এসেছে প্রাথমিক শিক্ষকদের দেওয়া চাঁদায়। অনুষ্ঠানের জন্য প্রত্যেক শিক্ষককে আড়াই শ টাকা করে চাঁদা দিতে হয়েছে। শিক্ষকদের অভিযোগ, চাঁদার টাকা বাধ্যতামূলকভাবে আদায় করা হয়েছে। কোনো শিক্ষক অনুষ্ঠানে অংশ নিতে না চাইলেও তাঁকে চাঁদা দিতে হয়েছে। কয়েকজন শিক্ষক এমন অভিযোগও করেছেন, শিক্ষকদের বনভোজনে নিয়ে যাওয়ার কথা বলে চাঁদা নেওয়া হয়েছে। অথচ বনভোজনে না গিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন শিক্ষা কর্মকর্তা।চাঁদা আদায়ে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এটা শিক্ষকদের অনুষ্ঠান। আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব ছিল শিক্ষকদেরই। শিক্ষক নেতারাই চাঁদার টাকা তুলেছেন। তাঁরাই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এ অনুষ্ঠানে আমি একজন আমন্ত্রিত অতিথিমাত্র।’