গলাচিপায় সমাজসেবা কর্মকর্তা নেই ১০ মাস
প্রায় ১০ মাস ধরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ শূন্য। এ পদে কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শীলা রানী দাসকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি নিয়মিত গলাচিপা কার্যালয়ে যেতে পারছেন না। তিনি পাঁচটি পদের দায়িত্ব পালন করছেন।
গলাচিপা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে ১৯ জন মাঠকর্মী থাকার কথা। কিন্তু পাঁচ বছরেরও বেশি সময় ধরে নয়জন কর্মী কাজ করছেন। বাকি ১০টি পদ শূন্য। এতে ব্যাহত হচ্ছে সমাজসেবা কার্যক্রম।
ওই কার্যালয়ের অফিস সহকারী এ কে এম জুনায়েদ বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় উপজেলায় বিভিন্ন ঋণ প্রকল্প পরিচালনা করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে। ১০ মাস ধরে ওই দপ্তরের বিভিন্ন কাগজপত্র সই করানোর জন্য কর্মীদের ছুটে যেতে হচ্ছে পটুয়াখালী জেলা সদরে অথবা কলাপাড়ায়।
শীলা রানী দাস প্রথম আলোকে বলেন, ‘আমি কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাজ করছি। পাশাপাশি আমাকে গলাচিপা উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, পটুয়াখালী শহর ও কলাপাড়া শহর সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। আমাকে দেওয়া সব দায়িত্বই সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করছি।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বর মাসে গলাচিপায় কর্মরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ূন কবির অবসরে যান। এরপর ওই পদে আর কোনো কর্মকর্তা নিযুক্ত করা হয়নি। শীলা রানী দাসকে গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি আরও কয়েকটি গুরত্বপূর্ণ এলাকার দায়িত্বে থাকায় গলাচিপায় ঠিকভাবে সময় দিতে পারছেন না। এতে গলাচিপা উপজেলার কাজকর্ম অনেকটা ধীরগতিসম্পন্ন হয়ে পড়েছে।