গলাচিপায় সাংসদ ও মেয়রের সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৌরসভার মেয়র এবং সাংসদসমর্থিত ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৌরসভার একটি নির্মাণকাজের টেন্ডারে অনিয়মের অভিযোগ তদন্তের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সাংসদসমর্থিত ঠিকাদারেরা পৌরসভা কার্যালয়ে ভাঙচুর করেছেন বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গলাচিপা পৌরসভার দরপত্রে ৩০ লাখ টাকার নির্মাণকাজের জন্য গত আগস্টে ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করা হয়। পরে পৌরসভার মেয়র নিয়মবহির্ভূতভাবে লটারির মাধ্যমে তাঁর পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সাংসদ গোলাম মাওলার অনুসারী হিসেবে পরিচিত মো. মন্নান হাওলাদার, মো. কাওসার আহম্মেদ, মো. দাদন, রঞ্জন বণিকসহ সাতজন ঠিকাদার এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে গত ১৫ নভেম্বর লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম ফকির গতকাল ঘটনা তদন্তে গলাচিপা পৌরসভা কার্যালয়ে যান।