গলাচিপায় সাংসদের অনুসারী দুজনকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কমিটির সহসভাপতি নূরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে বিরোধ চলে আসছে। এক পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলাম। তাঁরা দুজন গলাচিপার সাংসদ গোলাম মাওলার অনুসারী। অপর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন বলেন, রেজাউল করিম হাওলাদার ও কাজী শহীদুল ইসলাম নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে কর্মকাণ্ড চালানোর কারণে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা ওই নোটিশের কোনো জবাব দেননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়কে অবহিত করা হবে।কাজী শহীদুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা অগঠনতান্ত্রিক।সাংসদ গোলাম মাওলা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সে ব্যাপারে জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’পাল্টাপাল্টি বিক্ষোভ: আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কারের ঘটনায় গতকাল রোববার গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে।