গলাচিপায় সাংসদের শ্যালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ এবং দলের উপজেলা সহসভাপতি, পৌর মেয়র হাজি ওহাব খলিফার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সাংসদ গোলাম মাওলার শ্যালক মকবুল খানসহ ১০ জনের নামে গত সোমবার সদর থানায় একটি মামলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ ওই মামলা করেন। অভিযোগে বলা হয়, গত সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ করে চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ ও পৌর মেয়র হাজি ওহাব খলিফা গলাচিপা রওনা দেন। তাঁরা বেলা তিনটার দিকে রিকশায় চড়ে পটুয়াখালী শহরের গালর্স স্কুল সড়ক এলাকায় ফারুক মঞ্জিলের পাশ দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা লোহার রড ও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁদের গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেলারেল হাসপাতালে পাঠায়। উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, গলাচিপায় অবৈধভাবে নদী ভরাট করে দখল করার প্রতিবাদ করায় সাংসদ গোলাম মাওলা ও তাঁর শ্যালক মকবুল খান তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই এ হামলা চালানো হয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, মকবুল খানকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করা হয়েছে।