গলার ভেতর গুলি নিয়ে ৪৩ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমেনা খাতুন
মোমেনা খাতুন

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া একটি গুলি বিদ্ধ হয়েছিল মোমেনা খাতুনের গলায়। ৪৩ বছর ধরে গুলিটি আটকে ছিল গলার বাঁ পাশে চামড়ার ভেতরে। গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়েছে।
মোমেনার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায়। এলাকায় তিনি মোমেনা বেওয়া হিসেবে পরিচিত।

গলা থেকে বের করা গুলি
গলা থেকে বের করা গুলি

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় হাতীবান্ধায় পাকিস্তানি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করে। ঘরবাড়ি ফেলে পালাতে শুরু করেন এলাকাবাসী। মোমেনার বয়স তখন ১১ বছর। একদিন বাবার হাত ধরে পালিয়ে যাচ্ছিলেন তিনিও। উপজেলার তালেব মোড়ে পাকিস্তানি বাহিনীর এলোপাতাড়ি ছোড়া গুলির একটি এসে লাগে মোমেনার গলায়। তবে তিনি বেঁচে যান। পরে একজন পল্লিচিকিৎসক মোমেনার চিকিৎসা দেন। কিন্তু গুলিটি বের করা সম্ভব হয়নি। গলার বাঁ পাশটা ফুলতে থাকে। স্থানীয় লোকজন মনে করতেন, মোমেনার গলার বাঁ পাশে টিউমার হয়েছে।

মোমেনা খাতুনের ছোট বোন মনোয়ারা প্রথম আলোকে বলেন, মাঝে মাঝে গলার ওই টিউমারের মতো ফোলা অংশে প্রচণ্ড ব্যথা হতো। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি মোমেনা। কিছুদিন আগে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসীর সহায়তায় লালমনিরহাট শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত হন, মোমেনার গলার বাঁ দিকে ক্ষতস্থানের ভেতরে একটি গুলি রয়েছে। এরপর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়।