গলায় জ্যান্ত কই ঢুকে শিশুর মৃত্যু
গলায় জ্যান্ত কই মাছ আটকে শামীম মিয়া (৬) নামের এক শিশু মারা গেছে। সে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামের মেকুল মিয়ার ছেলে। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে। পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে শামীমের বাবা মেকুল মিয়া নিজ বাড়িসংলগ্ন নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরে পাত্রে রাখছিলেন তিনি। পাশে বসা শামীম হঠাৎ ওই পাত্র থেকে পানি পান করার সময় ঘটে বিপত্তি। পানির সঙ্গে পাত্রে থাকা একটি কই মাছ ঢুকে পড়ে শামীমের গলার ভেতর। দ্রুত তাকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক শামীমকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে রাস্তায় শামীম মারা যায়। তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইদুজ্জামান বলেন, ‘শ্বাসনালি বন্ধ হয়ে শিশুটি মারা গেছে।’