গলায় ফাঁস নেওয়ার দৃশ্য দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গলায় ফাঁস নেওয়ার দৃশ্য দেখাতে গিয়ে মারুফ আহম্মেদ (৯) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
মারুফ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পেঙ্গুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সম্প্রতি মারুফের বাড়ির পাশে একটি মেয়ে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার রাত আটটার দিকে মারুফ ফাঁস লাগানোর ওই দৃশ্য দেখাতে গিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের মধ্যে ঢুকে মারুফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত শিশুটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজীব রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার গলায় কালো দাগের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গলায় প্যাঁচানো গামছা শক্ত করে এঁটে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, বাড়ির পাশের একজনের আত্মহত্যা দেখে মারুফ তা শিখতে গিয়েছিল। মঙ্গলবার রাতেই তাকে দাফন করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।