আবদুল লতিফ ১৯৫৭ সালে প্রকৌশল বিষয়ে পাস করেন তখনকার আহ্ছান উল্লাহ প্রকৌশল কলেজ (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—বুয়েট) থেকে। এরপর ছেলে, মেয়ে, ছেলের বউসহ পরিবারের ১২ জন সদস্য বুয়েট থেকে পাস করেন। এই পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার এসেছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে। মঞ্চে উঠলে উপস্থিত সবাই দাঁড়িয়ে ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁদের। বিরল দৃষ্টান্ত স্থাপন করায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় আবদুল লতিফ পরিবারকে।গতকালের পুনর্মিলনীতে আবদুল লতিফের মতো অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বুয়েট খেলার মাঠে আসেন। বয়সের বিবেচনায় অনেকেই ছিলেন ‘বুড়ো-বুড়ি’। এক দিনের জন্য হলেও সবাই ফিরে যান অতীতে। হয়ে যান চিরতরুণ। কুশল বিনিময়, গল্প, আড্ডা, আলোচনা ও আনন্দ করে কাটিয়ে দেন সারা দিন।সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বুয়েটের সাবেক উপাচার্য ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াহিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বটি ছিল স্মৃতিচারণামূলক। এরপর চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পুরুষদের জন্য ছিল হাঁড়িভাঙা প্রতিযোগিতা। নারীদের জন্য গানের তালে তালে চেয়ার বদলের (মিউজিক্যাল চেয়ার) খেলা। এ ছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।সম্মাননা পাওয়ার পর আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, তাঁর বয়স এখন ৭৮। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে তিনি পুলকিত। তাঁর স্ত্রী মাহবুব আরা লতিফ বলেন, পরিবারের সদস্যদের প্রকৌশলী হয়ে ওঠার পেছনে কোনো পরিকল্পনা ছিল না। তবে এখন তিনি এটা নিয়ে গর্ব করেন।প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদ উদ্দিন আহমেদ বলেন, বুয়েটের প্রাক্তন ছাত্রদের মেধা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগাতে হবে। এতে দেশেরও উন্নয়ন হবে। গবেষণাকাজ বাড়ানোর ওপর জোর দেন তিনি। বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ বলেন, বুয়েট আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য দেখিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক অসচ্ছলতা রয়েছে। তাই অর্থ ও মেধা দিয়ে সহায়তা করার জন্য পুরোনো ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, তাঁর যা কিছু অর্জন ও গর্বের, এর ভিত্তি বুয়েট।সভাপতির বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রকৌশলীরা উন্নয়নের চাকা সচল রাখেন। সমাজ বদলের কাজে তাঁদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। তিনি জানান, বুয়েটে একটি আন্তর্জাতিক মানের সম্মেলনকেন্দ্র স্থাপনের জন্য জাহিদুল হাসান নামের এক প্রকৌশলী ১০ কোটি টাকা অনুদান দেবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোরালো সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।পুনর্মিলনী অনুষ্ঠানে পুরোনো ছাত্রদের মধ্যে আরও বক্তব্য দেন প্রকৌশলী ইমাম উদ্দিন আহমেদ, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, সাংসদ শেখ মুজিবুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাদেকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।