গল্প ও গানে দিনটি কাটল শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা ঘরের চার দেয়ালের মধ্যেই থাকে৷ তবে গতকাল বৃহস্পতিবার তাদের দিনটি কেটেছে অন্যভাবে৷ তারা মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেছে৷ শুনেছে মুক্তিযুদ্ধের গল্পও৷ অংশ নেয় কুইজ প্রতিযোগিতায়৷
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গৃহশ্রমিকদের দিনটি এভাবে কাটানোর সুযোগ করে দেয় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও নারী মৈত্রী৷ নেটওয়ার্কভুক্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজধানী ও এর আশেপাশের এলাকার দুই শতাধিক শিশু এ আয়োজনে অংশ নেয়৷
গতকাল সকাল ১০টায় গৃহকর্মে নিয়োজিত শিশুরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যায়৷ এ ছাড়া তাদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে ওই শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনান শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল৷ শিশুরা অনুষ্ঠানে গান গায়৷ মুহম্মদ জাফর ইকবাল প্রত্যেক শিশুকে তাঁর লেখা বই উপহার দেন৷
মুক্তিযুদ্ধ জাদুঘর এবং শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার, প্রকল্প সমন্বয়কারী লুৎফুন নাহার, প্ল্যান বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার এম এ মান্নান ও গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন৷
এ ছাড়া দিবসটি উপলক্ষে সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইএলও, মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে রাজধানীর একটি হোটেলে জাতীয় সেমিনারের আয়োজন করে৷ সেমিনারের আলোচকেরা শিশুশ্রম বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের বিষয়ে গুরুত্ব দেন৷
সেভ দ্য চিলড্রেন এবং প্রদীপন গতকাল লালবাগ কেল্লার সামনে মানববন্ধন, আলোচনা সভা, স্বাস্থ্য ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া দিবসটি সামনে রেখে এ দুই সংগঠন তিন দিনব্যাপী কর্মজীবী শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, পথনাটক, প্রীতি ফুটবল ম্যাচ, ফল উৎসবসহ অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করে।