গল্প করতে গিয়ে দুই যুগ পর স্বজনদের পেলেন নজরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবে নিখোঁজ হন নজরুন (বর্তমান নাম আক্তারা খাতুন)। এরপর কেটেছে প্রায় দুই যুগ। এখন তাঁর স্বামী-সন্তান সবই আছে। বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ালেও স্বজনদের সন্ধান পাননি। তবে এবারের বাংলা নববর্ষের প্রথম দিনটি তাঁর কাছে ছিল অন্য রকম। স্বজনদের ফিরে পেয়েছেন তিনি। 
নজরুন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের লাল মিয়ার স্ত্রী ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। তাঁর স্বামী লাল রিকশা চালান। তাঁদের একমাত্র ছেলে সালমান চতুর্থ শ্রেণিতে পড়ে।
সরেজমিনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যায়, টিন-বাঁশের বেড়ার তৈরি বসতঘরের এক কোণে পিঠা ভাজছেন নজরুন। পাশে বসে তাঁর মা হারুন্নেছা, শাশুড়ি আয়েশা খাতুনসহ আরও কয়েকজন নারী গল্প করছেন। আলাপচারিতায় সত্তরোর্ধ্ব হারুন্নেছা জানান, মৌলভীবাজার সদর উপজেলার শমশেরগঞ্জ বাজার এলাকায় তাঁদের বাড়ি। সংসারে অভাবের কারণে সাত-আট বছর বয়সে নজরুনকে এক আত্মীয়ের মাধ্যমে সিলেট শহরের একটি বাসায় এক শিশুকে দেখাশোনার কাজে পাঠিয়ে দেন। ওই বাসা থেকে নিখোঁজ হন নজরুন। পরে আর খোঁজ মেলেনি মেয়ের। চার ছেলে ও দুই মেয়ের মধ্যে নজরুন সবার ছোট। মেয়ে নিখোঁজ হওয়ার পর কিছুদিন অসুস্থ থাকার পর মারা যান তাঁর (হারুন্নেছা) স্বামী সখরাত উল্লাহ।
এর পরের ঘটনা সম্পর্কে নজরুন বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাকুরপার গ্রামের জরিবা খাতুন নামের এক স্বামী পরিত্যক্তা নারী তাকে পেয়ে বাড়িতে নিয়ে লালনপালন করেন। জরিবার মেয়ে নেই। জরিবা তাঁকে বিদ্যালয়ে ভর্তি করান। বিমানবন্দর উচ্চবিদ্যালয় থেকে ২০০০ সালের এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন নজরুন।
নজরুন বলেন, ‘ছোটবেলার অনেক কিছুই মনে করতে পারছি না। তবে আম্মু (জরিবা) আমারে খুব আদর করতেন। বড় হওয়ার পরে কীভাবে আম্মু আমারে পাইছেন সেটা গল্প করছেন। আম্মুর বাড়িতে লেখাপড়ার ফাঁকে ঘরের কাজও করতাম।’
নজরুনের ভাষ্যমতে, এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে জরিবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পাশের বিছানার রোগী কৃষ্ণনগরের রিকশাচালক খুরশীদ মিয়ার স্ত্রীর সঙ্গে নজরুনের পরিচয় হয়। খুরশীদের স্ত্রীর কাছ থেকে তাঁদের ঠিকানা লিখে রাখেন তিনি। হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার পর জরিবা মারা যান। এর কিছুদিন পর কাউকে না বলে নজরুন খুরশীদের বাড়িতে চলে আসেন। ২০০৩ সালের ৮ জুলাই কৃষ্ণনগর গ্রামের লাল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্বজনদের খোঁজ কীভাবে পেলেন এ প্রশ্নে নজরুন জানান, সম্প্রতি তিনি শ্রীমঙ্গলে লালের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই বাড়ির পাশে নজরুনদের এক আত্মীয়বাড়ি আছে। লালের আত্মীয়বাড়ির লোকজন নজরুনদের আত্মীয়বাড়ির লোকজনের কাছ থেকে নজরুনের নিখোঁজের ঘটনাটি অনেক আগে থেকেই জানতেন। নজরুন সেখানে যাওয়ার পর নানা গল্প করার সময় তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাটি খুলে বলেন। পরে লালের আত্মীয়বাড়ির লোকজন নজরুনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। নজরুনের স্বজনেরা জানান, তাঁদের মেয়ের ডান চোখ ট্যারা, বাঁ গালে তিল ও বাঁ পায়ের হাঁটুর নিচে কুকুরের কামড়ানোর একটি চিহ্ন আছে। শ্রীমঙ্গল থেকে ফেরার কিছুদিন পর এসব তথ্যের সূত্র ধরে মুঠোফোনে নজরুনের সঙ্গে লালের আত্মীয়বাড়ির এক মহিলা কথা বলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর পয়লা বৈশাখ নজরুনের মা, বড় বোন ছবিরুন ও ভাই ওয়াজ উল্লাহ তাঁদের বাড়িতে ছুটে আসেন।
নজরুনের মা হারুন্নেছা মেয়েকে জড়িয়ে ধরে বলেন, ‘সন্তানরে মা ছাড়া পৃথিবীর আর কেউ চিনতে পারত নায়। মরণের আগে খোদা আমার বুকের ধনরে (নজরুন) বুকে ফিরাই দিছইন। খোদার দরবারে আমি লাখ লাখ শোকর আদায় করি।’ নজরুন স্বজনদের ফিরে পাওয়ায় তাঁর স্বামী লালসহ পরিবারের সদস্যরাও খুশি। লাল বলেন, ‘কত দিন পরে বউয়ের (নজরুন) মুখি হাসি দেখছি। এর চেয়ে আনন্দের আর কী অইতে পারে!’