গল্প শুনে হাসায় ছাত্রকে পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে শিক্ষকের হাসির গল্প শুনে একটু বেশি হাসায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। ওই ছাত্র পঞ্চগড় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে সদর উপজেলার ফুটকিবাড়ী উচ্চবিদ্যালয়ে।প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেওয়ার সময় সহকারী শিক্ষক প্রসন্ন কুমার একটি হাসির গল্প বলেন। গল্প শুনে ক্লাসের ছাত্রছাত্রীরা হেসে ওঠে। আশিকুজ্জামান বলে, ‘স্যারের হাসির গল্প শুনে আমি একটু বেশি হেসেছি। তখন স্যার আমাকে পাটখেতে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন বলে জানান। আমিও কৌতুক করে স্যারকে বলি, একটি নিড়ানি দিলে আমি খেত পরিষ্কার করব। এতে স্যার ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে আমাকে ৩৫-৪০ আঘাত করেছেন। ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তিনি থামেননি। আমার হাত ও বাহু ফুলে গেছে। আঙুল ফেটে গেছে। শরীরে তীব্র ব্যথা, জ্বর এসেছে।’হাসপাতালের আবাসিক চিকিৎসক বাহারাম আলী জানান, ওই ছাত্রকে নির্দয়ভাবে পেটানো হয়েছে।শিক্ষক প্রসন্ন কুমার ক্লাসে হাসির গল্প বলার কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, ‘ওই ছাত্র ক্লাসে বেয়াদবি করায় মেরেছি। এ জন্য আমি দুঃখিত।’প্রধান শিক্ষক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্র তাকে মারপিট করা হয়েছে বলে আমাকে জানায়নি।’স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুবেন শর্মা গতকাল রোববার সন্ধ্যায় জানান, এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে করা জরুরি সভায় ওই শিক্ষক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।