গল্প স্বপ্নের, পুরস্কার বাস্তবে

হরলিকস-কিশোর আলো ‘স্বপ্নের গল্প লেখা’ প্রতিযোগিতা শুরু হয় গত এপ্রিলে
প্রায় তিন হাজার প্রতিযোগী এতে অংশ নেয়। পুরস্কারের জন্য নির্বাচিত হয় ১২২২ জন
ফলাফল তো জানা ছিল আগেই, পুরস্কারটি হাতে এল গতকাল। তাই হরলিকস-কিশোর আলো ‘স্বপ্নের গল্প লেখা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নবীন লিখিয়ে-আঁকিয়েদের উল্লাসে হয়ে উঠেছিল উৎসবমুখর।
কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলার মিলনায়তনটি ভরে গিয়েছিল অনুষ্ঠান শুরুর আগেই। পুরস্কার বিজয়ী রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসেছিলেন তাদের বাবা-মায়েরাও সন্তানের কৃতিত্বের আনন্দ ভাগাভাগি করে নিতে। পুরস্কার ছিল সবার জন্যই। একগুচ্ছ বই, সনদ, চমৎকার একটি টি-শার্ট আর ১২ বয়াম হরলিকস।
স্বপ্নের গল্প লেখার প্রতিযোগিতা শুরু হয়েছিল গত এপ্রিলে। গল্প লেখার পাশাপাশি ছবি আঁকাও ছিল প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। সারা দেশের প্রায় তিন হাজার প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্যে পুরস্কারের জন্য নির্বাচিত হয় ১২২২ জন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর প্রায় ৫০০ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানের প্রতিযোগীদের পুরস্কার তাদের ঠিকানায় পাঠানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সেরা গল্পের জন্য পুরস্কার পেয়েছে ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারহা বিনতে আজহার এবং সেরা ছবির পুরস্কার পেয়েছে রাজধানীর দনিয়া এ কে হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মেহজাবিন। এই দুই বিজয়ী প্রত্যেকে তাদের একজন অভিভাবককে নিয়ে সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিও ভ্রমণের সুযোগ পেয়েছে। এ ছাড়া দশটি গল্প ও দশটি ছবির জন্য ছিল বিশেষ পুরস্কার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘স্বপ্ন কোনো অলীক কল্পনা নয়। স্বপ্ন হলো গন্তব্য। আমি যেখানে যেতে চাই, সেটিই আমার স্বপ্ন। তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রেরণা হলো এক ভাগ। আর পরিশ্রম ৯৯ ভাগ। এই এক শ ভাগ পুরো হলেই বাস্তবায়িত হবে স্বপ্ন।’ নতুন প্রজন্মকে দেশ নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করতে কিশোর আলো ও হরলিকসের এই আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান।
প্রতিযোগিতার চিত্রাঙ্কনপর্বের বিচারক বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, প্রত্যেকের ছবিই ছিল খুব চমৎকার। বাছাই করার কাজটি বেশ কঠিন হয়েছিল তাঁদের জন্য। নবীন আঁকিয়েদের তিনি আঁকার এই অভ্যাস অব্যাহত রাখার পরামর্শ দেন।
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়া ও সৃজনশীল কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ২০ বছর পর বাংলাদেশ পরিণত হবে বিশ্বের একটি অন্যতম উন্নত দেশে। নতুন প্রজন্মকে সেই দেশের নেতৃত্ব দিতে যোগ্য হয়ে উঠতে হবে।
হরলিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএসকের ক্যাটাগরি ম্যানেজার ইকবাল আহমেদ মেনন বলেন, মানুষের সৃজনশীলতা বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে সহায়তার জন্য হরলিকস নানা রকম কাজে অংশ নেয়। এর ধারাবাহিকতায় দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে তাঁরা অংশ নিয়ে আনন্দিত।
প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের গল্প শোনান। এ ছাড়া অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, শিল্পী বিপুল শাহ। স্বাগত জানান কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের। গান গেয়ে শোনান বাপ্পা মজুমদার, কনা ও কোনাল। অনুষ্ঠানে প্রতিযোগীদের নির্বাচিত তনিমা ইসলামের গল্প থেকে প্রাচ্যনাট একটি নাটক পরিবেশন করে এবং স্কলাস্টিকা স্কুলের তাসনিম হোসেনের গল্প থেকে তৈরি একটি অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কিশোর আলোর স্বেচ্ছাসেবক বিভা ও দ্যুতি।