
চার কোনা ফ্রেমের ভেতরে উদোম শরীরে দাঁড়িয়ে কখনো হাসছেন, কখনো বা বিষাদে ডুবে যাচ্ছেন শিল্পী অপু ধর। ফ্রেমের ভেতরে রং পাল্টানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অভিব্যক্তি। আদতে এটি অপু ধরের পারফরম্যান্স। তবে দর্শক দেখেছে পারফরম্যান্সের ভিডিও চিত্রায়ণ। ব্যতিক্রমধর্মী এই ভিডিও উপস্থাপনার নাম অদেখা আচরণ।
গত ২৬ থেকে ২৯ অক্টোবর নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত অপু ধরের একক শিল্পকর্মের প্রদর্শনীতে স্থান পেয়েছিল এই ভিডিও আর্ট। ‘মধ্যরাতের পরে’ শিরোনামের এই প্রদর্শনীতে এমন বেশ কিছু পারফরম্যান্স, স্থাপনাকর্ম ও ভিডিও আর্ট উপস্থাপন করেন তিনি।
অপু ধর শিল্পের নানা মাধ্যমের পাশাপাশি পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। এর আগে তিনি ফ্রান্সে ও বাংলাদেশের একাধিক শিল্প প্রদর্শনীতে পারফরম্যান্স করে শিল্পরসিকদের নজরও কেড়েছেন। এই প্রদর্শনীতেও তার ব্যতিক্রম হলো না। পারফরম্যান্স আর্টের শরীরী ভাষায় যেন আবেগের জাল বুনলেন তরুণ এই তুর্কি।
ব্যক্তির প্রেমানুভূতি, পাপবোধ, নিঃসঙ্গতা বা যৌনতার মতো আবেগগুলো নিজের অভিজ্ঞতা দিয়ে ধরতে চেয়েছেন। পারফরম্যান্স আর্ট ও ভিডিও আর্টের মধ্য দিয়ে দর্শককে দাঁড় করাতে চেয়েছেন প্রশ্নের মুখোমুখি।
আমি আপেল খেতে ভালোবাসি নামের পারফরম্যান্সটি ছিল ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিরই নাটকীয় প্রকাশ। আপেল, মোম আর শারীরিক অভিব্যক্তির সমন্বয়ে গড়া এই পারফরম্যান্সে ব্যক্তির দেহজ বাসনার সংবেদনশীলতার প্রকাশ ঘটিয়েছেন।
মধ্যরাতে পিঁপড়ারা কোথায় যায়? মানুষের স্বপ্নেও কী এসে হানা দেয় তারা? ‘মধ্যরাতের পিঁপড়ে’ শিরোনামে অপু ধরের স্থাপনাকর্ম দেখে এসব প্রশ্নই যেন মনে জাগে। কাঠের চৌকির ওপর বিছানো পাতা। আছে বালিশ ও বিছানার চাদর। চৌকির চারপাশে লোহার তারজালি দিয়ে তৈরি বড় বড় পিঁপড়া। কিছু কিছু ঝুলছে ছাদের ওপর থেকেও।
আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চট্টগ্রাম শাখার করপোরেট ব্যাংকিং প্রধান রাশেদুল হুদা, অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার ও লেখক আলম খোরশেদ। আয়োজনে সহযোগিতায় করেছে ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক শাখা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।