গল্পে গল্পে সমাজের মুখোশ খুলেছিলেন শওকত ওসমান
কথাসাহিত্যিক শওকত ওসমান রাজনীতিবিদ হতে চেয়েছিলেন। কিন্তু সংসারের টানাপোড়েনে রাজনীতিবিদ হতে পারেননি। সাহিত্যে তাঁর সে ইচ্ছার বহিঃপ্রকাশ হয়েছে। তিনি গল্পে গল্পে সমাজের মুখোশ খুলে দিয়েছিলেন।কথাসাহিত্যিক শওকত ওসমানের ১২তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে এই আলোচনা সভার আয়োজন করে ‘শওকত ওসমান স্মৃতি পরিষদ’।অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণা করতে গিয়ে প্রখ্যাত এই কথাসাহিত্যিকের রাজনীতিবিদ হওয়ার গোপন বাসনার কথা তুলে ধরেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ছেলে ইয়াফেস ওসমান। তিনি বলেন, শওকত ওসমান ছিলেন সমাজের প্রতি দায়বদ্ধ, দূরদর্শী, রাজনীতি-সচেতন একজন সাহিত্যিক।আলোচনায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, শওকত ওসমানের সময় তাঁর চেয়ে আধুনিক চিন্তাশীল লেখক ছিলেন না। প্রতি মুহূর্তে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন। শুধু বাংলা সাহিত্য নয়, সমসাময়িক বিশ্বসাহিত্যেও অসাধারণ এক সাহিত্যিক ছিলেন তিনি। বাংলা একডেমী তাঁর সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুবাদের উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।আলোচনায় অন্য বক্তারা বলেন, তিনি সব সময় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখেছিলেন, যা বিশ্বাস করতেন তা সাহিত্যে তুলে ধরতেন। তিনি ছিলেন অপরিমেয় প্রতিভার ধারক। বুদ্ধিদীপ্ত শাণিত রসবোধ ছিল তাঁর মধ্যে। তাঁর প্রতিভার যথাযথ মূল্যায়ন হয়নি। আমাদের সমাজ কেন যেন কৃতীজনদের যথার্থ স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শিল্পী হাশেম খান, রফিকুন নবী, বুলবুল মহলানবীশ, আন্দালিব রাশদী প্রমুখ আলোচনা করেন।