গল্পের মতো সেই ঈদ

রাস্তার দুই পাশে সারি সারি বাড়ি, ছাদে উত্সুক মুখ। রাস্তার ঠিক মাঝখান দিয়ে ঢাকঢোল বাজিয়ে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য মিছিল। হাতির পিঠে চড়ে মিছিলের নেতৃত্বে নায়েব-নাজিম। চারদিকে উত্সবের আমেজ। একটু দূরে চকবাজারে বসেছে বিশাল মেলা। আশপাশেই কোথাও চলছে কাবলিনাচ, কোথাওবা কাওয়ালি গান। ঈদের দিনে এমনই উত্সবমুখর ঢাকা নগর।
এ যুগে ঈদের দিনে ঢাকার এমন চিত্র গল্পের মতো শোনায়। গল্প মনে হলেও ১৯ শতকে ঢাকায় উত্সবের রং ছিল এমনই। অন্তত ইতিহাসের বই তা-ই সাক্ষ্য দেয়।
একালে ঈদ উত্সবে বিনোদনের আকর্ষণ যেমন টেলিভিশন, শিশুপার্ক, চিড়িয়াখানা বা ঢাকার আশপাশের বিনোদনকেন্দ্রগুলোতে ঘুরে বেড়ানো; তেমনি সেকালে ঈদে মিছিল, মেলা, কাবলিনাচ, কাওয়ালি গান ছিল ঢাকায় ঈদ উত্সবে বিনোদনের প্রধান আকর্ষণ।
ঢাকার ঐতিহ্য নিয়ে মোহাম্মদ আবদুল কাইউম রচিত ‘ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি’ বইয়ে ১৯ শতকে উত্সবের এমন তথ্য জানা যায়। ঈদের চাঁদ দেখা থেকে শুরু হতো উত্সবের আমেজ। সেকালে এখনকার মতো টেলিভিশন, রেডিও ছিল না। চাঁদ দেখা যাওয়ার ঘোষণা হতো ঘটা করে তোপধ্বনির মাধ্যমে। হেকিম হাবীবুর রহমানের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ আবদুল কাইউম লিখেছেন, সেকালে বড় কাটরা, ছোট কাটরা, আহসান মঞ্জিল, হোসেনি দালান ছিল উঁচু দালান। চাঁদ ওঠার অনেক আগ থেকে লোকজন এসব ভবনে ভিড় করতেন। অনেকে আবার চাঁদ দেখার জন্য নৌকায় করে যেতেন বুড়িগঙ্গায়। নিজেদের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে শিশুদের পাশাপাশি বৃদ্ধরাও যেতেন চাঁদ দেখতে।
চাঁদ দেখার পর গুলি ছোড়া হতো। তোপধ্বনিরও ব্যবস্থা ছিল। হেকিম হাবীবুর রহমান লিখেছেন, ‘গুলি ছোড়া ও তোপধ্বনিতে চারদিক এমন সরব হতো যে বধিররাও জানতে পারত চাঁদ উঠেছে।’
আবুয্ যোহা নূর আহমদ তাঁর ‘উনিশ শতকের ঢাকার সমাজ জীবন’ গ্রন্থে লিখেছেন, ‘চাঁদ দেখা মাত্রই চারদিক হইতে মোবারকবাদ, পরস্পর সালাম বিনিময় এবং গোলাবাজি ও তোপের আওয়াজ হইতে থাকিত।’
সেকালে ঈদের দিনের প্রধান আকর্ষণ ছিল ঈদ মিছিল। তবে ওই মিছিল ছিল ‘রাজারাজড়াদের’ ব্যাপার। ‘ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি’ ও মুনতাসীর মামুনের ‘ঢাকা সমগ্র-১’ বইয়ে ঈদ মিছিলের বর্ণনা পাওয়া যায়। সেখান থেকে জানা যাচ্ছে, আঠারো শতকে নায়েব-নাজিমরা যখন ঢাকার নিমতলী প্রাসাদে এসে বসবাস করা শুরু করেন, তখন তাঁদের উদ্যোগেই এ মিছিল শুরু হয়। জন্মাষ্টমী মিছিলের অনুসরণে এই ঈদ মিছিলের উদ্ভব বলে মনে করা হয়।
১৯ শতকের শুরুতে আলম মুসাওয়ার নামে এক চিত্রশিল্পীর আঁকা ঢাকার ঈদের মেলা ও মিছিলের কয়েকটি ছবি থেকে ধারণা করা হয়, ঈদের মিছিল নিমতলী প্রাসাদ থেকে বেরিয়ে হোসেনি দালান, বেগমবাজার, চকবাজার হয়ে নিমতলী প্রাসাদে গিয়ে শেষ হতো।
ছবি ব্যাখ্যা করে সেই মিছিলের বর্ণনায় আবদুল কাইউম লিখেছেন, মিছিলকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে ও ছাদে ছিল দর্শকদের ভিড়। মিছিলে হাতির পিঠে ছিল হাওদা। হাতির হাওদা ও পালকিতে নায়েব-নাজিম ও তাঁদের স্ত্রীরা আসীন থাকতেন। পাশে পাশে চলত ছাতি-বরদার, হাতে কিংখাবের ছাতি। নানা রকমের নিশান, বাদ্যযন্ত্র, মিছিলকে করে তুলত বর্ণাঢ্য ও প্রাণবন্ত। সম্পূর্ণ মিছিলই ছিল রাজারাজড়ার ব্যাপার। সাধারণ মানুষ সেখানে দর্শকমাত্র।
১৯ শতকের মাঝামাঝি ঢাকার নায়েব-নাজিমদের বংশ লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের রাজকীয় মিছিল লোপ পায়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ঢাকায় আবার ঈদের মিছিল চালু হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এই মিছিলের বিশেষত্ব। এই মিছিল উপলক্ষে গ্রাম-গ্রামান্তর থেকে লোক সমাগম হতো শহরে।
মিছিল শুধুই মিছিল নয়, তাতে হাস্যকৌতুক, আমোদ-প্রমোদেরও ব্যবস্থা করা হতো। সমকালীন রাজনৈতিক ঘটনা বা সামাজিক সমস্যার প্রতিফলন ঘটত ঈদ মিছিলে। বিশেষ করে তিরিশ বা চল্লিশের দশকে উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মঞ্চ তৈরি করা হতো। যুবকেরা বিচিত্র পোশাক পরিচ্ছদ পরে অভিনয় করতেন। এখনো পুরান ঢাকায় ছোট পরিসরে ঈদ মিছিল করেন স্থানীয়রা।
মিছিলের পাশাপাশি সেকালে ঈদ উত্সবের আরেকটি বড় আকর্ষণ ছিল ঈদ মেলা। বিশেষত শিশুদের কাছে এটি ছিল খুবই আকর্ষণীয়। চকবাজারের আশপাশে সবচেয়ে বড় মেলা বসত। নিত্যব্যবহার্য জিনিসপত্র ছাড়াও বিভিন্ন রকমের খেলনা বিক্রি হতো মেলায়। বিনোদনের জন্য নাগরদোলা বা চরকি তো ছিলই, তা ছাড়া ছিল ছোটখাটো সার্কাস বা ম্যাজিকের প্যান্ডেল।
ঢাকায় ঈদের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন মাঠে কাবলিওয়ালাদের নাচ। কাবলিওয়ালারা বিভিন্ন মাঠে দল বেঁধে ঢোলের আওয়াজের তালে তালে কবলিনাচ নেচে দর্শকদের চিত্তবিনোদন করত বলে ‘ঢাকার ইতিবৃত্ত ঐতিহ্য ও সংস্কৃতি’ বইয়ে উল্লেখ আছে। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে শামিয়ানা টাঙিয়ে কাওয়ালি মজলিসেরও আয়োজন করা হতো।
বিশ শতকে এসে নাগরিক ঈদ বিনোদনে যুক্ত হয় সিনেমা। ১৯১৪ সালে ঢাকায় ‘পিকচার হাউজ’ নামে প্রথম সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সালের মধ্যে ঢাকায় আরও তিনটি সিনেমা হল চালু হয়। ঈদ উপলক্ষে এসব সিনেমা হলে রাতব্যাপী হিন্দি সিনেমা দেখানো হতো।
১৯ শতকের সেই ঢাকা এখন ‘পুরান’ ঢাকা। নতুন ঢাকা অনেক বিস্তৃত হয়েছে। অন্য সবকিছুর মতো ঈদ উত্সবেও এসেছে অনেক পরিবর্তন। এখনকার নাগরিক জীবনে বিনোদনের জায়গাও খুব কম।
এখন ঢাকায় ঈদ উত্সব মানে খাওয়া-দাওয়া, আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, টেলিভিশন দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা শিশুপার্ক, চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম, নন্দনে ঘুরতে যাওয়া। এবার হয়তো যুক্ত হবে হাতিরঝিল।
মিরপুরের রুহানা কামাল বলেন, ‘আগে তো ঢাকায় ঈদে ঘোরার জায়গা ছিল না। এখন হাতিরঝিল আছে, বেশ কয়েকটি উড়ালসেতু আছে, সেখানে যাব। তা ছাড়া চিড়িয়াখানা, শিশুপার্ক আর দূরে ফ্যান্টাসি কিংডমেও যেতে পারি।’
তবে পুরান ঢাকা এখনো তার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। এখনকার ‘নতুন’ ঢাকায় এ ধরনের মিছিল খুব একটা চোখে না পড়লেও পুরান ঢাকার অধিবাসীরা এখনো ঈদের দিন মিছিল বের করেন। চকবাজারে ছোট পরিসরে এখনো তিন দিনব্যাপী ঈদ মেলা হয়।
ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক প্রথম আলো ডটকমকে বলেন, পুরান ঢাকার ঈদ মিছিল দীর্ঘদিনের ঐতিহ্য। তবে ব্রিটিশ আমলের শেষ দিকে এ মিছিল নিয়ে দাঙ্গা হলে তা বন্ধ হয়ে যায়।
এরপর ১৯৯১ সাল থেকে ঢাকাবাসীর ব্যানারে আবারও ঈদ মিছিলের প্রচলন শুরু হয়েছে। মিছিলে ঢাকাবাসীর বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরার চেষ্টা করা হয়। এবারও ঈদের পরদিন বিকালে শিশু একাডেমী থেকে মিছিল বের করা হবে। তিনি জানান, চকবাজারে এখনো ঈদ মেলা হয়। তবে জায়গার অভাবে তা এখন হয় ছোট পরিসরে।