গহিন বনে একটি মা-হাতির মৃত্যু
একটি বন্য মা-হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বনকর্মীদের ধারণা, গত শনিবার সকালে অথবা শুক্রবার রাতে বাচ্চা প্রসব করতে গিয়ে হাতিটি মারা গেছে।কক্সবাজারের রামু উপজেলা সদরের কচ্ছপিয়া ইউনিয়নের বন বিভাগের ঘিলাতলী বিটের গহিন বনের রাঙাঝিরি মালেকুজ্জামানের ঘোনা এলাকায় হাতিটির মৃতদেহ পাওয়া গেছে। বন বিভাগের ঘিলাতলী বিট কর্মকর্তা আকতারুজ্জামান খান বলেন, শনিবার সকালে বন বিটের প্রহরী আলমগীর মিয়া, দুলালকৃষ্ণ বণিক ও তপন কুমার দে পাহারা দিতে বনে যান। তাঁরা রাঙাঝিরি মালেকুজ্জামানের ঘোনা এলাকায় পৌঁছালে মরা হাতিটি দেখতে পান। প্রহরী আলমগীর মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি হাতিটিকে চিৎকার করতে দেখেন। এ সময় অন্য হাতিগুলো পাহাড়ের ওপরে অবস্থান করছিল। তাঁর ধারণা, শুক্রবার রাতে অথবা শনিবার সকালে হাতিটি মারা গেছে। হাতিটির সুরতহাল সম্পন্ন করেছেন রামু প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি মাঠ সহকারী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এটি গর্ভবতী ছিল।জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রসবজনিত জটিলতার কারণে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার হাতিটি মাটির নিচে পুঁতে ফেলার কথা।