গহিন বনে মাটিচাপা অবস্থায় মৃত বন্য হাতির সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় কেলিশহরের গহিন জঙ্গলে মাটিচাপা অবস্থায় একটি বন্য হাতির মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।গতকাল বুধবার সকালে পটিয়ার কেলিশহর ছত্তরপেটুয়া রেজি. প্রাথমিক বিদ্যালয় থেকে এক কিলোমিটার পূর্বদিকে দারগাদিঘির পাহাড়ে মাটিচাপা অবস্থায় হাতিটির সন্ধান মেলে। মৃত বাচ্চা হাতিটির বয়স আনুমানিক দেড় বছর।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছত্তরপেটুয়া পাহাড়ের গহিন জঙ্গলে একটি মৃত বন্য হাতি কে বা কারা মাটিচাপা দিয়ে রেখেছে বলে তারা জানতে পারে। এটি পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ খবর পেয়ে গতকাল সকাল নয়টায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় পটিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন দে ও স্থানীয় ইউপি সদস্য আবদুল আলমকে সঙ্গে নিয়ে মৃত হাতিটির সন্ধানে বের হন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা দুইটায় মাটিচাপা ও ওপরে গাছের ডালপালা দেওয়া অবস্থায় মরা হাতিটির সন্ধান পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার পর হাতিটিকে ওই জায়গায় মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় বলেন, ধারণা করা হচ্ছে কোনো বড় হাতি বাচ্চাটিকে মেরে ফেলতে পারে। তবে এলাকা থেকে এ ব্যাপারে অন্য কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।