গহিন বনের তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন বনের তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল বুধবার অভিযান চালিয়ে ভাটা তিনটির চিমনি গুঁড়িয়ে দিয়েছে। জরিমানা করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ভূঁইয়ার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালানো অভিযানে অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম সোহেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান, পরিদর্শক হারুন অর রশীদ, কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর এবং বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য। উপপরিচালক গোলাম মো. ভূঁইয়া প্রথম আলোকে জানান, ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সীমানার মধ্যে ইটভাটা নির্মাণ করা নিষিদ্ধ। আইন লঙ্ঘন করে বনের ভেতরে ভাটা স্থাপন করায় গতকাল তিনটি ভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এ সময় ইউএনও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে সদর ইউনিয়নের বিছামারা এলাকার মো. জহির আলমের জেডআরসি ব্রিকসকে ৪০ হাজার টাকা, সোনাইছড়ি ইউনিয়নের চিংথোয়াইপাড়ায় মো. দিদারের ডিএবি ব্রিকসকে ৫০ হাজার ও একই ইউনিয়নের মারোগ্যাপাড়া এলাকার মো. মনজুর আলমের এমএফজি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।গোলাম মো. ভূঁইয়া বলেন, আজ বৃহস্পতিবার ওই উপজেলার অন্য ইটভাটাগুলোতে অভিযান চালানো হবে।নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন বনে গড়ে তোলা ছয়টি ইটভাটা নিয়ে প্রথম আলোয় ২ জানুয়ারি ‘গহিন বনের ইটভাটাগুলো আবারও চালু’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।