গা ঢাকা দিয়েছেন ভুয়া চিকিৎসকেরা
র্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক সমিতির দুই শীর্ষ নেতাসহ আটজন গ্রেপ্তার হওয়ার পর অন্য ভুয়া চিকিৎসকদের অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। গতকাল নগরের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাঁদের আর আগের ঠিকানায় পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ করে রেখেছেন অনেকে।
নগরের মোগলটুলি এলাকায় অরুণ কুমার রায় নামের এক ভুয়া চিকিৎসক বসতেন। তিনি একসময় ঘড়ির মেকানিক ছিলেন। পরে দূরশিক্ষণে (!) ঢাকার পিচ ব্লেন্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করেন বলে দাবি করেছিলেন। সাইনবোর্ড ও ভিজিটিং কার্ডে তাঁর নামের পাশে এমবিবিএস, পিজিটি ইত্যাদি ডিগ্রি লেখা আছে। কিন্তু গতকাল রোববার তাঁকে পাওয়া যায়নি। একইভাবে চান্দগাঁও এলাকায় চেম্বার খুলে বসা ভুয়া চিকিৎসক ফরিদুল আলমও গা ঢাকা দিয়েছেন। তিনি একটি বিমা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা বলেন, ‘সাধারণত ওষুধের দোকানে কিংবা বিভিন্ন চিকিৎসকের অধীনে থাকতে থাকতে এঁরা ডাক্তার হয়ে যান। পরে নামের পাশে বিভিন্ন ডিগ্রি লেখা শুরু করেন। আমাদের অভিযানের কারণে তাঁরা সাময়িকভাবে গা ঢাকা দিয়েছেন। অভিযান অব্যাহত থাকবে।’
কে কোথায় বসতেন: বন্দরটিলা ও কলসি দিঘির পাড় ইপিজেড এলাকায় ভুয়া চিকিৎসকের সংখ্যা বেশি। এসব এলাকায় ডা. আফতাবুল ইসলাম, ডা. আখতার হোসেন, মো. ইব্রাহিম এমবিবিএস (এএম), ডা. মোমিনুল ইসলাম, ডা. মানিক শর্মাসহ অনেক ভুয়া চিকিৎসক রোগী দেখতেন। আগ্রাবাদ মুহুরীপাড়ায় মো. আলী, ব্যাপারীপাড়ায় জাকির হোসেন, বড়পোল মোড়ে নারায়ণ চন্দ্র শীল, ইশান মিস্ত্রীর হাটে ডা. আখতার হোসেন প্রমুখ রোগী দেখেন। এ ছাড়া ডা. বাসুদেব বৈদ্য চন্দনাইশের সাতবাড়িয়ায়, ডা. মো. মোজাফফর হক আনোয়ারা কলেজ রোডে, কাজল কান্তি বৈদ্য চন্দনাইশ কালিহাট তৌহিদুল করিম আনোয়ারা কালামিয়ার দিঘি এলাকায় রোগী দেখতেন। গতকাল এঁদের কাউকেই পাওয়া যায়নি।
সাজা খেটে ফের ডাক্তারি: পাঠানটুলীর গায়েবি মসজিদ এলাকায় মোহাম্মদ ইদ্রিছ নামের এক ব্যক্তি তাঁর নামের পাশে এমবিবিএস লিখে রোগী দেখতেন। ২০১১ সালের ২৪ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। কারাগার থেকে ফিরে তিনি পুনরায় একই জায়গায় ডাক্তারি শুরু করেন। র্যাবের অভিযানের পর গতকাল তিনি আর চেম্বারে বসেননি।