গা ভিজিয়ে উঠতে হয় নৌকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একদিন চলেছিল ফেরিডা, হ্যারপর আর না। ফেরিডা চললে নদী পার হতে মানুষের ভোগান্তি কম হতো। সরকার এডা দেলোওক্যা আবার বন্ধও হরলোক্যা।’ পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের কলারণ ফেরিঘাটের কাছে নিজ চায়ের দোকানে বসে কথাগুলো বলছিলেন বকুল বেগম।গত রোববার সরেজমিন কলারণ ফেরিঘাট এলাকায় গিয়ে একটি ভিত্তিফলক দেখা গেছে। এর ওপর লেখা কলারণ-সন্ন্যাসী ফেরিঘাট (বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলার মধ্যে সংযোগ রক্ষাকারী ফেরি)। ২০০৬ সালের ৪ আগস্ট তৎকালীন স্থানীয় সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদী এটি উদ্বোধন করেছেন বলে উল্লেখ আছে। উদ্বোধনের দিনই শুধু ফেরিটি চলেছিল বলে স্থানীয় সূত্র জানায়। এরপর ২০০৭ সালে সিডরে ফেরির গ্যাংওয়েটি প্রায় ৪০০ গজ উত্তরে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। এখনো সেটি ওই অবস্থায় আছে। কলারণ-সন্ন্যাসী খেয়াঘাটের ইজারাদার আবদুস ছালাম জমাদ্দার বলেন, প্রতিদিন দুই-তিন শ মানুষ ট্রলারে বলেশ্বর নদ পারাপার হয়। এদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক। তিনি বলেন, বর্ষায় নদী উত্তাল থাকে। এ কারণে নদী পার হতে আসা মানুষকে দুর্ভোগে পড়তে হয়। ট্রলারচালক আল-আমীন বলেন, কলারণ এলাকায় কোনো পন্টুন না থাকায় যাত্রীদের কাদাপানি ভেঙে ট্রলারে উঠতে হয়। কলারণ থেকে বলেশ্বর নদ পার হয়ে মোড়েলগঞ্জের সন্ন্যাসী এলাকায় গিয়ে দেখা গেছে ফেরিটি বিকল পড়ে আছে। জিয়ানগরের বাসিন্দা, বাগেরহাটের মোড়েলগঞ্জ এমপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন বলেন, প্রায় চার কিলোমিটার প্রস্থের বলেশ্বর নদ বর্ষাকালে খুবই উত্তাল থাকে। তখন নদী পার হতে ভয় লাগে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের খুবই ভোগান্তি হয়। জিয়ানগরের বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, কলারণ-সন্ন্যাসী ফেরিটি শুধু উদ্বোধনের দিনই চলেছিল, এরপর তা বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ফেরিটি চালু হলে মানুষের ভোগান্তি কমবে। সড়ক ও জনপথ অধিদপ্তর, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন বলেন, ফেরিসংকটের কারণে কলারণ-সন্ন্যাসী ফেরি সার্ভিস এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। সংকট কাটলে এই সার্ভিস পুনরায় চালু করা হবে।