গাঁজা, ইয়াবা, ঘুমের ওষুধ সেবনকারী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে মনোরোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত
কক্সবাজারে মনোরোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকোথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক মোহীত কামাল গতকাল মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত মনোরোগবিষয়ক নবম আন্তর্জাতিক সম্মেলনে ‘অ্যাডিকশন সাইকিয়াট্রি’ শিরোনামের সেমিনারে এই গবেষণাপত্র তুলে ধরেন। তাঁর সঙ্গে সহকারী হিসেবে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফারজানা রহমান। মোহীত কামাল বলেন, ‘৩০৬ জনের মধ্যে এই জরিপ চালিয়েছি। দেখা গেছে তাঁদের ৬১ দশমিক ৮ শতাংশ গাঁজা ও ৫৯ দশমিক ৮ শতাংশ ইয়াবায় আসক্ত।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি ২০১৭’ নামের এই দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রম গতকাল সকালে কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে শুরু হয়। সারা দিন অনুষ্ঠিত বিভিন্ন অধিবেশনে মনোরোগ ও মানসিক স্বাস্থ্যের ৩১টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল নগরায়ণ ও মানসিক স্বাস্থ্য। শহুরে জীবনে যে সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে, তা নিয়ে আলোচনা হয়। ঘুমের সমস্যা কী, কত ধরনের ঘুমের সমস্যা হয়, সেসব সমস্যায় কী করা যেতে পারে তা জানা যায় এ সম্মেলন থেকে। যেকোনো ধরনের আসক্তি নিরাময়ে সারা বিশ্বে মনোরোগ চিকিৎসকদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কীভাবে তাঁরা কাজ করেন বা কীভাবে কাজ করতে পারেন, সে ব্যাপারে বক্তৃতা করেন ভারতের সিদ্ধার্থ সরকার ও রোশান ভার।

ঢাকা শহরে একক (সিঙ্গেল) মায়েদের মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন ও অন্যান্য ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কেমন হতে পারে—সে ব্যাপারে আলোচনা হয় সম্মেলনে। গবেষণা পদ্ধতি ও গবেষণাপত্র কীভাবে লিখতে হবে, তা নিয়েও একটি কর্মশালা ছিল এই সম্মেলনে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল কলেজ ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রির সহসভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কাজী তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারপারসন ঝুনু শামসুন নাহার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এবং এই সম্মেলনের বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ফারুক আলম, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোহীত কামাল, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হেদায়েতুল ইসলাম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রির সভাপতি অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই সম্মেলনে মানসিক স্বাস্থ্যসেবায় অবদান রাখার জন্য অধ্যাপক হেদায়েতুল ইসলাম, অধ্যাপক এস আই মল্লিক ও অধ্যাপক গোলাম রব্বানীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।