গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ফিরোজ হোসেন ওরফে মুন্নু (৪৫)। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার খাসিয়া গ্রামে। শিবালয়ের বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় যশোরের বেনাপোলের উদ্দেশে চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ছেড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের মহাদেবপুর এলাকায় তল্লাশিচৌকি বসায় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ। গতকাল ভোর চারটার দিকে বাসটি সেখানে পৌঁছালে ভেতরে তল্লাশি করা হয়। এ সময় দুটি ব্যাগের ভেতর বিশেষভাবে প্যাকেটজাত করা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনের দায়ে ফিরোজকে আটক করা হয়। বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট ইয়ামিন উদ-দৌলা বলেন, এ ঘটনায় ফিরোজের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি