গাঁজা টেনে চাকরি 'যায় যায়' পুলিশ কর্মকর্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার ভবনের সিঁড়িতে বসে গত বৃহস্পতিবার রাতে গাঁজা সেবনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকফুর রহমানকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় এএসআই মাকফুরকে নিউমার্কেট থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইন অনুষদের কাজী মোতাহার ভবনের সিঁড়িতে বসে এএসআই মাকফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের গাড়িচালক সাইফুল্লাহ ও বকশীবাজারের গাঁজা ব্যবসায়ী মইনুলকে নিয়ে গাঁজা সেবন করছিলেন। একপর্যায়ে আইন অনুষদের কয়েকজন শিক্ষার্থী পুলিশ কর্মকর্তা মাকফুর ও গাঁজা ব্যবসায়ী মইনুলকে আটক করেন। গাড়িচালক সাইফুল্লাহ পালিয়ে যান। মাকফুরকে ছেড়ে দেওয়ার পর তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। গাঁজা ব্যবসায়ী মইনুলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাতে যোগাযোগ করা হলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, মাদক সেবনের অভিযোগে আজ শনিবার মাকফুরকে সাময়িক বরখাস্ত করা হবে। ইতিমধ্যে তাঁকে নিউমার্কেট থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যের বিষয়ে তিনি বলেন, ‘এটি পুলিশের বিভাগীয় বিষয়। আশা করি তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আমরা বিগত কয়েক মাসে কয়েকজন মাদক ব্যাবসায়ী এবং মাদকসেবী আটক করে পুলিশে সোপর্দ করেছি। এতে শিক্ষার্থীরা আমাদের সহায়তা করেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’